বগুড়া, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সোনাতলা উপজেলা থেকে ২৫০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার আগুনিয়াতাইড় গ্রামের একটি ডোবায় পরিত্যক্ত অবস্থায় এই অকেজো হয়ে যাওয়া গুলি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
সোনাতলা থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, দুপুরে ডোবার পাশে খেলা করার সময় কয়েকজন শিশু একটি বাক্স পায়। বাক্সটি নাড়াচাড়া করার সময় রাইফেলের গুলি বের হয়ে আসে।
পরে পুলিশ গিয়ে ওগুলো সোনাতলা থানায় নিয়ে আসে।
জিয়া লতিফুল ইসলাম আরো জানান, গুলিগুলো মরচে ধরে অকেজ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গুলিগুলো মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৭ ঘ.
bdnews24