মাদারীপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, বিচারক ও আইনজীবীদের কাজ শুধু আইনের শাসন কায়েম করা, অন্য কিছু নয়।
বুধবার মাদারীপুর আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় তিনি বলেন, "শুধু নিজের মক্কেলের দিকে তাকিয়ে কাজ করা নয়, সাধারণ জনগণের জন্য কাজ করাই মূল লক্ষ্য হতে হবে। আমাদের কাজ শুধু আইনের শাসন কায়েম করা, অন্য কিছু নয়।"
তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত রায় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, "রায় নিয়ে কোনো কথা বলতে চাই না। এর আগে একবার একটি রায় নিয়ে মিডিয়ায় মন্তব্য করায় আমাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিলো।"
চলতি বছরের মাঝামাঝি সময়ে সারাদেশে ১১০ জন বিচারকের নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে জানিয়ে খায়রুল হক বলেন, "বিচারক নিয়োগ প্রক্রিয়ায় একটু দীর্ঘ সময় লাগে। তবে আমরা আশা করছি, এই বছরের মাঝামাঝি সময়েই সারাদেশে ১১০ জন বিচারক নিয়োগ দেওয়া হবে।"
অন্যদের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশরাফুল হক, মাদারীপুর জেলা প্রশাসক শশী কুমার সিংহ, জেলা জজ মো. আতাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাহিদুল ইসলাম, মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুল হক, মাদারীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সুজিত চ্যাটার্জী এ সময় উপস্থিতি ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৭২৩ ঘ.
bdnews24