চট্টগ্রাম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাহাড়তলীতে একটি ফিলিং স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক জন।
মঙ্গলবার রাত ১২টার দিকে সাগরিকা মোড়ের 'কলকা পেট্রল পাম্পে' এ ঘটনা ঘটে বলে পাহাড়তলী থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নিহত শাহীন (৪০) সন্দ্বীপের সন্তোষপুর গ্রামের বাসিন্দা।
জাহাঙ্গীর বলেন, ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় ট্রাকটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই শাহীন প্রাণ হারান।
বিস্ফোরিত সিলিন্ডারের একাংশ ছিটকে সংলগ্ন ইউনাইটেড মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে পড়ে। এতে সেখানকার কর্মী মো. শাহজাহান (৩০) আহত হন।
শাহজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, শাহজাহান নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/এমআই/১৩০০ ঘ.
bdnews24