২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছেংগারচরের মেয়রের মৃত্যু

নির্বাচিত হওয়ার চার মাস না হতেই মারা গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার (৫৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 06:26 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

চাঁদপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচিত হওয়ার চার মাস না হতেই মারা গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার (৫৫)। বুধবার ভোরারাতে ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী বোরহান উদ্দিন ডালিম। গত ১৮ জানুয়ারি ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিল্লাল। তিনি ছেংগারচর পৌর এলাকার ছোট মরাদন গ্রামের বাসিন্দা ছিলেন। ডালিম জানান, মঙ্গলবার রাত সোয়া ৯টায় বিল্লাল হোসেন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তখন তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় তার মৃত্যু হয়। বিল্লাল হোসেনের জন্ম ১৯৫৬ সালের ১ মার্চ। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। ডালিম জানান, বিল্লালের প্রথম জানাজা বুধবার সকাল ৯টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় চট্টগ্রাম সড়কে নিজ ব্যবসায়িক এলাকায় অনুষ্ঠিত হয়। এরপর বেলা ১২টায় ছেংগারচর পৌরসভায় দ্বিতীয় জানাযা এবং দুপুর ২টায় তার নিজ গ্রামের বাড়ি ছেংগারচর পৌর এলাকার ছোট মরাদন গ্রামে তৃতীয় জানাযা হওয়ার কথা রয়েছে। এরপরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২২৫ ঘ.