লক্ষ্মীপুর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়ার শিকার হয়ে লক্ষ্মীপুরে শাবানার আত্মহত্যার ঘটনায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্বজনরা বলছেন, মামলা প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে।
চাচার সঙ্গে 'অনৈতিক' সম্পর্কের অভিযোগ তুলে ফতোয়ার মাধ্যমে একঘরে করে রাখায় বিষপানে রোববার আত্মহত্যা করেন লক্ষ্মীপুরের শাবানা বেগম (১৮)। বিষপানে গুরুতর অসুস্থ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার চাচা মো. রিপনও (২০)।
রোববারই মসজিদ কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, সেক্রেটারি আব্দুল আজিজ, আব্দুল মন্নান, সেকান্দর চৌধুরীসহ অজ্ঞাত ১০/১৫জনকে আসামি করে মামলা করেন শাবানার চাচা বদিউল আলম।
রিপনের বাবা ও শাবানার দাদা মো. ছফিউল্যা (৮০) মঙ্গলবার জানান, মামলা তুলে নিতে আসামি পক্ষের লোকজন বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে।
সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের এই পরিবারকে গত ১৫ দিন ধরে একঘরে করে রাখে স্থানীয় প্রভাবশালীরা। আগামী শুক্রবার তাদের বিচার করারও ঘোষণা দেওয়া হয়। এই প্রেক্ষিতে রোববার বিকালে বিষ পান করেন শাবানা ও রিপন। রাতেই মৃত্যু হয় শাবানার।
শাবানার বাবা বাকপ্রতিবন্ধী পিতা আবদুস সহিদ একমাত্র কন্যার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা হলে শুধু তাকিয়ে থাকেন।
শাবানার ফুফাতো ভাই মনির হোসেন বলেন, "ঘটনাটি সম্পূর্ণই অপবাদ। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি ও ইমাম সাহেবসহ সমাজপতিদের অপবাদের জ্বালা সইতে না পেরে তারা দু'জন বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে।
"ফতোয়াবাজদের নিকট আত্মীয়-স্বজনরা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে।"
মামলার বাদি শাবানার চাচা বদিউল আলম জানান, মামলা তুলে নিতে তাদের ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়াল আলম বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট রয়েছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক আইন সহায়তার জন্য পুলিশ সজাগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২০২ ঘ.
bdnews24