২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় ছয় জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পৃথক ঘটনায় ছয় জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ট্রেনে কাটা পড়ে, একজন বহুতল ভবন থেকে পড়ে, দুজন আত্মহত্যা করে এবং বাকিরা সড়ক দুর্ঘটনায় নিহত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও রেললাইনে রাশেদ (১৩) নামে এক শিশু ট্রেনে কাটা পড়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) গৌরঙ্গ লাল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খিলগাঁও খিদমা হোটেলের সামনে ওই দুর্ঘটনা ঘটে। এছাড়া উত্তরা ৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের এক নিমর্ণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে রাকিব হোসন (৫০) নামে এক নির্মাণ শ্রমিক আহত হন। দুপুর ১২টার দিকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হক। এদিকে, গুলিস্তান বায়তুল মোকারম মসজিদের দক্ষিণ গেইটে আবদুল মান্নান আবদুল্লাহ (৩৫) নামে এক চটফটি দোকানদার আত্মহত্যা করেন। সকালে তার লাশ উদ্ধার করা হয়। পল্টন থানার উপ-পরিদর্শক ফৌজিয়া খানম জানান, খোলা জায়গায় আত্মহত্যার বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। যাত্রাবাড়িতে টিনের চালা ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে শাকিল মোল্লা (১৬) নামে আরেক কিশোর আত্মহত্যা করে বলে জানান বাড্ডা থানার উপ-পরিদর্শক আবদুল হালিম। অন্যদিকে, ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হক জানান, যাত্রাবাড়ির খানকা শরিফ মাজারের সামনের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় (২০) এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই যুবকের মুখের ডান পাশে একটি জখমের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি। এছাড়া উত্তরা থানা এলাকায় তকদিন হোসেন (৪৮) নামে এক ব্যক্তি গাড়ি চাপায় মারা যায় বলে জানান ফাঁড়ির এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/কেটি/এএল/২১১৩ ঘ.