ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। যে কোনো দিন রায় হতে পারে।
প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চে মঙ্গলবার শুনানি শেষ হয়। এরপর এটি রায়ের জন্য অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
সংবিধানের সপ্তম সংশোধনীতে সামরিক আইন প্রশাসক হিসেবে ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত এইচএম এরশাদের যাবতীয় কাজের বৈধতা দেওয়া হয়েছিলো।
একটি হত্যা মামলায় সামরিক আদালতে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের বাসিন্দা সিদ্দিক আহমেদ হাইকোর্টে রিট আবেদন করলে গত বছরের ২৬ অগাস্ট এ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। কিন্তু সিদ্দিকের সাজা বহাল থাকে।
এরপর গত ১১ এপ্রিল হাইকোর্টের রায়ের অংশ বিশেষের বিরুদ্ধে আপিল করেন সিদ্দিক। চেম্বার বিচারপতি আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
আপিলের শুনানিতে সর্বোচ্চ আদালত অ্যামিকাস কিউরিয়া হিসেবে চারজনকে আদালত-বন্ধু (অ্যামিকাস কিউরি) নির্বাচন করে। এদের মধ্যে তিনজন আদালতে বক্তব্য দেন। এরা হলেন- রফিক উল হক, মাহমুদুল ইসলাম, আমীর-উল ইসলাম।
আরেক আদালত-বন্ধু আজমালুল হোসেন কিউসি বিদেশে থাকায় বক্তব্য দেননি। তিনি লিখিত বক্তব্য দেবেন বলে আদালতকে জানিয়েছেন।
মঙ্গলবার অ্যামিকাস কিউরিদের পাশাপাশি সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আপিলকারীর পক্ষে সৈয়দ আমিরুল ইসলাম বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24