কিশোরগঞ্জ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাওনা টাকা আদায় নিয়ে কিশোরগঞ্জের পুলেরঘাটে রোববার রাতে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছে।
এ সময় বেশকিছু দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়। কিশোরগঞ্জ-ভৈরব সড়কে দুইঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি গ্রামের হাইদুলের কাছে সদরের নান্দলা গ্রামের জামাল মিয়া টাকা পান।
এ নিয়ে দু'জনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সন্ধ্যায় জামাল মিয়া টাকা চাইতে গেলে হাইদুলের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জেরে রাত ৮টার দিকে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
জামাল মিয়ার পক্ষে নান্দলা ও পঁয়ত্রিশকাহন এবং হাইদুলের পক্ষে মাইজহাটি ও জিনারাই গ্রামের কয়েকশ' লোক সংঘর্ষে অংশ নেয়।
তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে। ইটপাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষ চলাকালে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে বেশ কয়েকটি বাস এবং পুলেরঘাট বাজারে ৮টি দোকান ভাঙচুর হয়।
কিশোরগঞ্জ, পাকুন্দিয়া ও কটিয়াদী থানা পুলিশ ঘটনাস্থলে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৭ ঘ.
bdnews24