সাভার, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনে বিদেশি মালিকানাধীন 'এ্যাক্টর স্পোর্টিং লিমিটেড' নামের একটি পোশাক কারখানায় ৫২ শ্রমিককে বরখাস্ত করা হয়েছে।
রোববার এই শ্রমিকদের বরখাস্ত করা হয়। তাদের সকল পাওনা বুঝিয়ে দেয়া হয়েছে বলে শিল্প পুলিশ জানিয়েছে।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের মাঠ কর্মকর্তা আবুল বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত কারখানার ৫২ জন শ্রমিককে বরখাস্ত করে কর্তৃপক্ষ। পাওনাদি বুঝিয়ে দিয়ে কারখানার গাড়ীতে করে তাদেরকে নিজ নিজ আবাসস্থলে পৌঁছে দেয়া হয়।
তবে কী কারণে তাদের বরখাস্ত করা হয়েছে তা বলতে পারেননি আবুল বাসার।
'এ্যাক্টর স্পোর্টিং লিমিটেড' কারখানার ব্যবস্থাপক (মানবসম্পদ) মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শ্রমিক বরখাস্তের বিষয়টি অস্বীকার করেন।
তবে বেপজার মহাব্যবস্থাপক আশরাফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "এ বিষয়ে কাল সকালে জানাতে পারবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৩০ ঘ.
bdnews24