২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো ইউনূসই এমডি: ব্যারিস্টার রোকন

সর্বোচ্চ আদালতের আদেশ প্রত্যাহার চেয়ে করা আবেদন (রিকল) খারিজ হওয়ার পরও ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে বহাল আছেন বলে দাবি করেছেন তার আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ আদালতের আদেশ প্রত্যাহার চেয়ে করা আবেদন (রিকল) খারিজ হওয়ার পরও ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে বহাল আছেন বলে দাবি করেছেন তার আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। শুক্রবার দুপুরে গুলশানের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ব্যারিস্টার রোকন তার দাবির পক্ষে যুক্তি দিয়ে বলেন, "সুপ্রিম কোর্টে আমাদের (রিকল) আবেদন খারিজের পর এখন যতক্ষণ পরিচালনা পরিষদ পদক্ষেপ না নিচ্ছে, ততক্ষণ তিনি ওই পদে বহাল থাকবেন।" "কারণ বাংলাদেশ ব্যাংক চিঠিতে ইউনূসকে অব্যাহতি দিয়ে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদকে নির্দেশ দিয়েছিলো," যোগ করেন তিনি। কোনো পদ শূন্য থাকতে পারে না- মন্তব্য করে রোকনউদ্দিন বলেন "একজন এমডিকে অব্যাহতি দিলেও ওই পদটি শূন্য থাকতে পারে না। ওই পদে পরবর্তী কাউকে নিয়োগদানের পর তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর তিনি ওই পদে থাকবেন না।" অনুমোদন না নিয়ে পদে অধিষ্ঠিত হওয়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতি দেয়। এর বিরুদ্ধে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের ৯ পরিচালকের করা দুটি রিট আবেদন গত ৮ মার্চ সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইউনূসের করা আপিলের আবেদন গত ৫ এপ্রিল খারিজ করে আপিল বিভাগ। কিন্তু তিনি আদেশ প্রত্যাহারের (রিকল) আবেদন করেন। আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ শুনানি শেষে বৃহস্পতিবার ওই আবেদনও খারিজ করে দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার রোকন বলেন, "আমরা যদি সুপ্রিম কোর্টে রিভিউ আবেদন করি, তাহলে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদ চাইলে রিভিউয়ের রায় পর্যন্ত অপেক্ষা করতে পারে।" তার ভাষায়, "সব মিলিয়ে বল এখন পরিচালনা পরিষদের কোর্টে। এ বিষয়ে তারাই পদক্ষেপ নেবেন।" রিকল আবেদন খারিজের পর ইউনূস আর এক মুহূর্তও গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকতে পারেন না- অ্যাটর্নি জেনারেলের এ মন্তব্যের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে রোকন বলেন, "ওটা তার ব্যক্তিগত মত। আমরা যতদূর বুঝতে পেরেছি, রায়ে বাংলাদেশ ব্যাংকের চিঠিকে বৈধতা দেওয়া হয়েছে। আর চিঠিতে যেহেতু গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদকে পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়েছে, তাই এখন সেই ধাপটিই শুরু হবে।" এই আইনজীবী বলেন, "সোনালী ও জনতা বাংক ছাড়া অন্য ব্যাংকগুলোতেও ব্যবস্থাপনা পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়স সীমা আলাদা। গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রেও আলাদা হলে সমস্যা নেই।" তিনি জানান, অ্যাটর্নি জেনারেল হাইকোর্টে বলেছিলেন, ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারা অনুযায়ী ড. ইউনূসকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু আপিল বিভাগে বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বলেছেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ১৪(১) অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়টিকে পরস্পরবিরোধী উল্লেখ করে তিনি বলেন, "রায়ে এ রকম আরো অনেক ভুল রয়েছে বলে আমরা মনে করি। রায়ের কপি পাওয়ার পর বিষয়টি আরো স্পষ্ট হবে। কপি পাওয়ার পর রিভিউ আবেদন করতে পারবো বলে আশা করছি।" সরকার চাইলে ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করতে পারে বলেও মত প্রকাশ করেন ব্যারিস্টার রোকন। তিনি বলেন, "এ জন্য প্রথমে তাকে পরিচালক মনোনীত করতে হবে। এরপর চেয়ারম্যান নিয়োগ দিতে হবে। সরকার চাইলে তা সম্ভব।" ইউনূসের 'রিকল' আবেদন খারিজ হয়ে যাওয়ার পর গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে করে তাকে ব্যাংকের চেয়ারম্যান করার দাবি জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/জেকে/১৯০৪ ঘ.


এ সম্পর্কিত আরো খবর