ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলিন্ডারে গ্যাস সরবরাহ করার সরকারি সিদ্ধান্তে দ্বিমত পোষন করে পাইপলাইন বিদ্যমান এমন শহরগুলোতে গ্যাস সরবরাহ চালু রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (বিডিইএফ)।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে 'আবাসিক ভবনে পাইপলাইনে গ্যাস সংযোগ প্রদান না করার সিদ্ধান্তএবং ব্যয়বহুল সোলার প্যানেল-এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের চিন্তার বাস্তবতা' শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
বিডিইএফ এর সভাপতি প্রকৌশলী সরদার আমিন গত এক বছরে ঢাকা নগরীর সর্বত্র নতুন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তকে হটকারী ও গণবিরোধী আখ্যা দিয়ে বলেন, "এটি একটি চাপিয়ে দেয়া সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত পুরো নগর সমাজে বৃহদাংশ মানুষের মধ্যে বিরূপ মনোভাবের সৃষ্টি করেছে। এতে করে অবকাঠামোগত উন্নয়ন থমকে দাঁড়াবে।"
একই নগরে এক অংশ মানুষের পাইপলাইনের গ্যাস ব্যবহার এবং অন্য অংশের সিলিন্ডারের গ্যাস ব্যবহারের বিষয়টিকে অবিচার উল্লেখ করে তিনি বলেন, "দেশে এখন বছরে এলপিজির দরকার ৩ লাখ টন। সরকারি খাতে উৎপাদন হয় মাত্র ১০ ভাগ। মফঃস্বলের গ্রাহকরা জানে এই খাতটা কতটা ফটকাবাজির মতো চলে। কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দাম বৃদ্ধি নিত্য নৈমিত্তিক বিষয়।"
গ্যাসের যে ঘাটতির কথা বলে সরকার এই সিদ্ধান্তনিয়েছে তাকে অমূলক ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এবং বিদেশী কোম্পানীগুলোর সাথে গ্যাসচুক্তিকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে সভায় নাগরিক সংহতির সাধারন সম্পাদক শরিফুজ্জামান শরীফ বলেন, "গ্যাস ঘাটতির আসল কারণ হচ্ছে দুর্নীতি। সরকারের সর্বচ্চ পর্যায় থেকে যখন এই ধরনের দুর্নীতির সাথে কেউ জড়িয়ে পড়েন তখন সেটি ভয়াবহ হয়ে পড়ে।"
সভায় আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার সাদিয়া জামান, প্রাক্তন রিহ্যাব সভাপতি তানভিরুল হক প্রবাল, হাওর উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী ইনামুল হক, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/কেএমএস/১৬৩৮ ঘ.
bdnews24