ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৬ জেলার আরো ৪৮ জন এমপিওভুক্ত শিক্ষককে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে বলেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. নূরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেয়।
একই সঙ্গে সরকার অনুমোদিত স্কুল-কলেজের শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের ওপর নির্বাচন কমিশনের (ইসি) বিধি-নিষেধ কেন অবৈধ ঘোষণা করা হবে না- চার সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট।
প্রধান নির্বাচন কমিশনার, শিক্ষা সচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) সচিব, আইন সচিব, জন প্রশাসন সচিবসহ সংশ্লিষ্ট জেলাগুলোর রিটার্নিং কর্মকর্তাদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম।
এর আগে গত বুধবার হাইকোর্ট একই ধরনের একটি রুল দিয়ে আবেদনকারী চার শিক্ষককে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছিল।
নির্বাচন কমিশন বলছে, 'দ্য ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিনেন্স, ১৯৬১' অধ্যাদেশ-এর ৩০ (১) ধারা অনুযায়ী, সরকার অনুমোদিত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা স্থানীয় ও জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এবং কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।
ইউপি নির্বাচনের দ্বিতীয় পর্বের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ মে থেকে ৫ জুলাই পর্যন্ত ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচনের তারিখ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২১৫৩ ঘ.
bdnews24