সাভার, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সফররত ভারতের উপ-রাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারী।
বৃহস্পতিবার ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে তিনি এই শ্রদ্ধা জানান।
তার আগমনকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার বিকাল ৩টা ১০ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) তাজুল ইসলাম তাকে অভ্যর্থনা জানান।
মোহাম্মদ হামিদ আনসারী স্মৃতিসৌধের পুষ্পার্ঘ অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় তিন বাহিনীর একটি চৌকশ দল গার্ড অফ অনার প্রদান করে।
পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি গাছের চারা রোপন করেন। বিকাল ৩টা ২৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।
ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে দু'দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা এসেছেন। তার সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রিণীত কাউরসহ ৫৯ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১২৩ ঘ.
bdnews24