যশোর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোরের অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানকে কুপিয়ে জখম করার পর তার পায়ের রগও কেটে দিয়েছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নওয়াপাড়া শংকরপাশা স্কুলের সামনে তার ওপর হামলা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার সাংবাদিকদের বলেন, একটি ওষুধের দোকানে অভয়নগর পৌর ছাত্রদলের দপ্তর সম্পাদক নিয়ামুল ইসলাম রিটোর সঙ্গে কথা বলছিলেন ফারাজি মতিয়ার। ওই সময় ৮/১০ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়।
হামলাকারী হিসেবে মনা, আজিম, মিলনসহ কয়েকজনের নাম উল্লেখ করেছেন হায়দার।
ছাত্রদল নেতা রিটোও গুরুতর আহত হন। দুজনকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের দুজনকেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হয়।
ফারাজীর বাম পায়ের রগ কেটে দেওয়া হয়েছে এবং ডান হাত ভেঙে গেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
দুপুর দেড়টার দিকে মতিয়ারকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে হাসপাতালের চিকিৎসক আব্দুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।
এদিকে হামলার প্রতিবাদে যশোর জেলা বিএনপি বিকালে স্থানীয় দড়াটানা ভৈরব চত্বরে সমাবেশের ডাক দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫০ ঘ.
bdnews24