২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের মামলায় লিমন কারাগারে

র‌্যাবের দায়ের করা অস্ত্র মামলায় কথিত বন্দুকযুদ্ধে আহত ঝালকাঠির কলেজ ছাত্র লিমনকে কারাগারে পাঠানো হয়েছে। কারা হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 05:39 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

বরিশাল, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত ঝালকাঠির কলেজ ছাত্র লিমনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলার রাতে তাকে ঝালকাঠি জেলা কারাগারে নেওয়া হয়। জেলার মো. আমানুল্লাহ বলেন, লিমনকে রাত ১১টা ৪০ মিনিটে কারাগারে নেওয়া হয়েছে। তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। রাত ৮টার দিকে র‌্যাবের করা অস্ত্র মামলায় তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহানের আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দশ দেন। একইসঙ্গে তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। বুধবার (৪ এপ্রিল) বিষয়টি আদালতকে অবহিত করারও নির্দেশ দেয় আদালত। শুনানিতে অংশগ্রহণকারী লিমনের আইনজীবী আক্কাস সিকদার জানিয়েছেন, লিমনের অসুস্থতার কারণে তাকে হাসপাতালে রেখে চিকিৎসার আবেদন করা হয়। লিমনের আরেক আইনজীবী নাসির উদ্দিন কবির বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, লিমনের বিরেুদ্ধে র‌্যাবের করা অস্ত্র মামলায় সকালে প্রথমে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে হাকিম ফারুক আহম্মদ আগামী ৯ মে জামিন শুনানির দিন ধার্য করেন। গত ২৩ মার্চ লিমন গুলিবিদ্ধ হওয়ার পর র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে দু'টি মামলা করে। এর মধ্যে সরকারি কাজে বাধা দেওয়া ও র‌্যাব সদস্যদের আহত করার মামলায় সোমবার ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদলতে লিমনের জামিন আবেদন মঞ্জুর হয়। কিন্তু অস্ত্র আইনে দায়ের করা এই মামলাটিতে একই আদালত (ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক হাকিম) গত ৪ এপ্রিল লিমনের জামিন আবেদন নাকচ করে। তাই মঙ্গলবার সকালে জেলা দায়রা জজ আদালতে আবার জামিন আবেদন করা হয়। নির্দেশ শোনার পর আদালতে লিমনের মা হেনুয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার নিরাপরাধ ছেলেকে র‌্যাব গুলি করে পঙ্গু করেছে। উল্টো মামলা দিয়ে হয়রানিও করছে। এর আগে ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে চারজন সশস্ত্র পুলিশ পঙ্গু লিমনকে নিয়ে ঝালকাঠী পৌঁছেন। পরে তাকে আদালতে হাজির করা হয়। লিমনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেলা পৌনে ১১টার দিকে হাসপাতালে আনুষ্ঠানিকতা শেষে পুলিশের ভাড়া করা একটি মাইক্রোবাসে করে লিমনকে ঝালকাঠী নিয়ে আসা হয়। এ সময় তার বাবা তোফাজ্জল হোসেনও ছিলেন। এসআই আরিফুল ইসলাম রাজাপুর থানায় লিমনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও অস্ত্র আইনে র‌্যাবের করা দুটি মামলার তদন্ত কর্মকর্তা। গত ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুরে র‌্যাবের গুলিতে আহত হয় লিমন। গুলিবিদ্ধ লিমনের দাবি, র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছিলো। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তার একটি পা কেটে ফেলতে হয়। ঘটনার দিনই র‌্যাব বাদি হয়ে অস্ত্র ও সরকারি কাজে বাধা, হত্যা চেষ্টা এবং র‌্যাব সদস্যদের আহত করার অভিযোগে লিমনের বিরুদ্ধে ওই মামলা দুটি করে। তদন্ত শেষে গত ২৪ এপ্রিল অস্ত্র মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। গোপনে পুলিশের দাখিল করা এ অভিযোগপত্রে বলা হয়েছে, লিমন 'সন্ত্রাসী মিজান-মোর্শেদের সহযোগী'। লিমনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি গণমাধ্যমে উঠে এলে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিভিন্ন মহলের সমালোচনার মুখে গত ১১ এপ্রিল খোদ র‌্যাব মহাপরিচালক মোখলেসুর রহমান বলেছিলেন, লিমন অবস্থার শিকার হতে পারে। সে দুর্ঘটনার শিকারও হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১০ ঘ.