চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে বাসার গ্রিল কেটে চুরির ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনি ও রোববার কোতোয়ালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ তিন জনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে থানায় এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আমির হোসেন (৩০), মো. মিজান (২৬) ও মো. কবির (২৮)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি করা দুটি ল্যাপটপ, একটি হাতঘড়ি, দুটি মোবাইল ফোন সেট ও একটি গ্রীল কাটার রেঞ্জ উদ্ধার করে পুলিশ।
অভিযানে অংশগ্রহণকারী কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সদীপ কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে লালখান বাজার এলাকা থেকে চোর দলের নেতা আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি চোরাই আইবিএম ল্যাপটপ, একটি হাতঘড়ি, একটি নকিয়া ই-৬৬ মোবাইল ফোনসেট ও গ্রীল কাটার রেঞ্জ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আমিরের দেয়া তথ্যের ভিত্তিতে জিইসি মোড় এলাকা থেকে সোমবার রাত সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার করা হয় মিজান ও কবিরকে। এ দু'জনের কাছ থেকে আরেকটি ল্যাপটপ ও মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
এসআই সদীপ কুমার দাস জানান, গ্রেপ্তারকৃতরা নগরীর শতাধিক বাসায় জানালার গ্রিল কেটে ও দরজার তালা ভেঙ্গে বিভিন্ন সামগ্রী চুরি করেছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গত ১৭ এপ্রিল থানার ব্যাটারি গলি এলাকায় একটি বাসায় চুরির ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তের সূত্র ধরে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কেএমএস/১৯৪৫ ঘ.
bdnews24