২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচনস্কুল-কলেজ শিক্ষকদের প্রার্থীতা নিয়ে শুনানি মুলতবি

সরকার অনুমোদিত স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি-না এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি দুই দিনের জন্য মুলতবি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার অনুমোদিত স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি-না এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি দুই দিনের জন্য মুলতবি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চে রিট আবেদনটি দায়েরের পর শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। নরসিংদীর মনোহরদির একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাসেত মোল্লা ভুট্টোসহ ১৫টি জেলার ৫০জন প্রার্থী রিট আবেদনটি দায়ের করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার এবং শিক্ষা, আইন, সংস্থাপন ও স্থানীয় সরকার সচিবকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র তিন অনুযায়ী, সরকার অনুমোদিত স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে পারবেন। এছাড়া এরই মধ্যে অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে শতাধিক শিক্ষক নির্বাচিত হয়েছেন। তারা শপথও নিয়েছেন। এ অবস্থায় বাকীদেরকে নির্বাচনে অংশ নিতে না দিলে সংবিধানের ২৭, ২৯ ও ৩১ অনুচ্ছেদের লংঘন হবে। কিন্তু 'দ্য ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিনেন্স, ১৯৬১' অধ্যাদেশ-এর ৩০ (১) ধারা অনুযায়ী, সরকার অনুমোদিত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা স্থানীয় ও জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এবং কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। এ বিষয়ে সোমবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেছেন, এ সংক্রান্ত প্রজ্ঞাপন এখনো জারি হয়নি বলেই যে শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন এমনটি ভাবার কোনো কারণ নেই। প্রজ্ঞাপন যথাসময়ে জারি করা হবে। "১৯৬১ সালের শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশটি এখনো বলবৎ রয়েছে। তাই স্বপদে থেকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনে প্রার্থী হওয়া ও প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না। আইনে যেটা আছে সেটা মানতে হবে। এখানে যোগ-বিয়োগ করার কিছু নেই," বলেন তিনি। এ ব্যাপারে আবেদনকারীদের আইনজীবী নুরুল ইসলাম জানান, আদালত শুনানিতে বলেছে, যেহেতু এ সংক্রান্ত পরিপত্র জারি হয়নি, তাই দুইদিনের জন্য শুনানি মুলতবি করা হলো। এরপর নির্দেশ দেওয়া হবে। দ্বিতীয় পর্বের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ মে থেকে ৫ জুলাই পর্যন্ত ৪১৪ উপজেলার ৩,৮১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমএইচসি/এইচএ/১৮২৫ ঘ.