২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

বাগেরহাটে হত্যা মমালায় একজনের মৃত্যুদণ্ড হয়েছে। এছাড়া তার দশ হাজার টাকা জরিমানাও করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 11:53 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

বাগেরহাট, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে হত্যা মমালায় একজনের মৃত্যুদণ্ড হয়েছে। এছাড়া তার দশ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সোমবার এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত শেখ আব্দুল করিম বাদশা (৫২) আদালতে উপস্থিত ছিলেন। বাদশা মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামের প্রয়াত নওয়াব আলী শেখের ছেলে। ২০০৯ সালে বাদশার ধারালো অস্ত্রের আঘাতে একই গ্রামের হারুন শেখের ছেলে মো. আল আমিন শেখ (২৫) নিহত হন। মামলার নথি থেকে জানা যায়, বাদশা তার প্রতিবেশী মো. আল আমিন শেখের স্ত্রীকে উত্ত্যক্ত করত বলে দু'জনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ২০০৯ সালের ৩ জুলাই সন্ধ্যায় আল আমিনের একটি ছাগল বাদশার ফসলের ক্ষতি করলে বাদশা ছাগলটি বেঁধে রাখে। রাতে আল আমিন ছাগলটি আনতে বাদশার বাড়ি গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে বাদশা তাকে দা দিয়ে মাথায় কোপ দেয়। এর দু'দিন পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আল আমিন মারা যান। এই ঘটনায় নিহতের স্ত্রী মেহেরুন্নেছা বাদী হয়ে বাদশার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা করেন। একই বছরের ২৯ অক্টোবর বাদশার বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪০ ঘ.