ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্নোগ্রাফির জন্য ৭ থেকে ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন একটি আইন নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এর সঙ্গে আদালত অবমাননা আইনকে যুগোপযোগী করার বিষযেয়ও মন্ত্রিসভা সম্মত হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন।
যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষার জন্য পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১১ করা হচ্ছে বলে জানান তিনি।
আবুল কালাম বলেন, স্যাটেলাইট ও মোবাইল প্রযুক্তির কারণে পর্নোগ্রাফি সমাজে ব্যাধির মতো বিস্তার লাভ করছে। এতে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
"এ অপরাধ রোধে দেশে সুনির্দিষ্ট আইন না থাকায় তা দমন করা যাচ্ছে না। এতে কারো শাস্তিও দেওয়া যায় না। পর্নোগ্রাফি দমনে সরকার এ আইন প্রণয়ন করতে যাচ্ছে।"
প্রস্তাবিত আইনে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বাজারজাত নিষিদ্ধ করা হয়েছে। অপরাধের শাস্তি হবে ৭ থেকে ১০ বছর কারাদণ্ড। সর্বোচ্চ জরিমানা ৫ লাখ টাকা।"
এছাড়া বাংলাদেশ-শ্রীলঙ্কা নৌ বাণিজ্য জোরদারের লক্ষ্যে ১৯৭৯ সালে স্বাক্ষরিত শিপিং সার্ভিসেস এগ্রিমেন্ট এর পুনর্গঠিত চুক্তি করার প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।
আদালত অবমাননা আইন
সরকারি কর্মকর্তাদের কাজের 'গতি বাড়াতে' ব্রিটিশ আমলে প্রণীত আইনকে যুগোপযোগী করতে আদালত অবমাননা আইন-২০১১ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রেসসচিব বলেন, "ব্রিটিশ আমলে প্রণীত আইনটি ভারত বর্ষে দুইবার, পাকিস্তানে একবার সংশোধিত হয়। কিন্তু বাংলাদেশে একবারও এর সংশোধনী আনা হয়নি।"
বিদ্যমান আদালত অবমাননা আইনের কারণে মাঠ কর্মকর্তা থেকে সচিব পর্যন্ত সরকারি কর্মকর্তাদের কাজে মন্থর গতি আসতে বাধ্য হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
আজাদ বলেন, "সরকারি কর্মকর্তারা বিভিন্ন সময়ে আদালত অবমাননা মামলার বিবাদি হয়। এমনকি একজন সচিবের বিরুদ্ধে ৬৯টি মামলা হয়েছে। তাদের ব্যক্তিগত কোনো কাজের জন্য তা হয়নি, সরকারি কাজ করতে গিয়ে এ সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এতে সরকারি কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হয় না।"
আদালত অবমাননা মামলার মুখোমুখি হয়ে সরকারি কর্মকর্তাদের আদালতে সাক্ষী হওয়া, স্বশরীরে উপস্থিত হতে গিয়ে কাজে অসুবিধা হয় বলে জানান প্রেস সচিব।
নতুন আইনে সরকারি কর্মকর্তারা আদালতে হাজির হওয়া থেকে নিষ্কৃতি পাবেন কি না- সাংবাদিকরা জানতে চাইলে আবুল কালাম বলেন, "এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে সরকারি কাজের সুবিধার্থে প্রয়োজনীয় বিধিগুলো কিছুটা শিথিল করা হতে পারে। কোনো কিছুই সুনির্দিষ্ট করে এখন বলা যাচ্ছে না।"
ব্রিটিশ আমলে প্রণীত আদালত অবমাননা আইনের তিনটি ধারার সমন্বয়ে ভারত বর্ষে ১৯২৬ সালে চালু হয়। ১৮৬০ সালের কিছু ধারাও এতে বলবৎ থাকে। এরপর ভারত ১৯৫২ ও ১৯৭২ সালে দুই বার সংশোধন করে এ আইন। পাকিস্তানেও এ আইন একবার সংশোধন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৫৪০ ঘ.
bdnews24