নারায়ণগঞ্জ, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরমোনাইয়ের পীরের সমর্থকদের সমাবেশের কারণে নারায়ণগঞ্জের কাচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে ঢাকায় সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১০টায় শিমরাইলে মহাসড়কে অবস্থান নেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উঠিয়ে দিলে সকাল ১১টার দিকে সড়কে চলাচল পুনরায় শুরু হয়।
দেশের ব্যস্ততম এ সড়কে গাড়ি চলাচল আধা ঘণ্টা বন্ধ থাকায় দুপুর ১২টা পর্যন্তও যানজট লেগে ছিলো।
নারী নীতির বিরোধিতাকারী চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন রোববার সন্ধ্যায় মুক্তাঙ্গনে সমাবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। ওই সময় গ্রেপ্তার করা হয় শতাধিক কর্মীকে।
কয়েকটি দল এক সঙ্গে সভা করতে চাওয়ায় মুক্তাঙ্গনে সভা সমাবেশের ওপর আগেই নিষেধাজ্ঞা আরোপ করে ঢাকা মহানগর পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, মুক্তাঙ্গনে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে সকালে কাচপুর সেতুর পূর্বপাশে জড়ো হয় ইসলামী আন্দোলনের কর্মীরা। এরপর তারা মিছিল শুরু করে। সাড়ে ১০টায় মিছিল নিয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে মহাসড়কে বসে পড়ে তারা।
পুলিশ উঠিয়ে দেওয়ার আগে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সী, সহ-সভাপতি সৈয়দ আহম্মদ, গিয়াসউদ্দিন মোহাম্মদ খালীদ প্রমুখ।
নান্নু মুন্সী বলেন, মুঙ্গাঙ্গনে মিছিলে পুলিশের হামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মিছিল-সমাবেশ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫০ ঘ.
bdnews24