ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুন, ছিনতাইসহ ৭২টি মামলার এক আসামি পুলিশের নজর এড়াতে বোরকা পরে পালানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন।
গ্রেপ্তারকৃতের নাম শামসুল ইসলাম লাভলু। বঙ্গবাজারের পাশে আনন্দ বাজার থেকে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।
খুন, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও নানারকম সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৪২ বছর বয়সী এ ব্যক্তির বিরুদ্ধে ৭২টি মামলা রয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আনন্দ বাজারে পুলিশের অভিযানের সময় লাভলু বোরকা পরে বেরিয়ে যাচ্ছিলো। ওই সময় তার পায়ে কেডস দেখে পুলিশের সন্দেহ হয়। তখন আটক করে দেখা যায়, মহিলার ছদ্মবেশে ওটা লাভলু।"
ওসি জানান, এর আগেও লাভলুকে অন্তত পাঁচ বার গ্রেপ্তার করা হয়েছিলো। কিন্তু কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24