ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যূনতম পাঁচ হাজার টাকা মজুরি নির্ধারণসহ শ্রমিকদের নিরাপত্তা ও কর্মসংস্থানের দাবি জানিয়ে মে দিবসের শোভাযাত্রা বের করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
রোববার সকালে বিএনপির এই শ্রমিক সংগঠনটি নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করে।
শোভাযাত্রাটি তোপখানা সড়কের মোড়ে এসে শেষ হয়। এতে মহানগরের বিভিন্ন ইউনিটের ব্যানার-ফ্যাস্টুনসহ ব্যান্ড সঙ্গীতের দল অংশ নেয়।
শোভাযাত্রায় অংশ নেয় সংগঠনের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম চৌধুরী, সহসভাপতি মজিবর রহমান সারোয়ার, সাধারণ সম্পাদক জাফরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মহানগর নেতা নুরুল ইসলাম নাসিমসহ কেন্দ্রীয় নেতারা।
বিকালে গাজীপুরের কোনাবাড়ী কলেজ মাঠে শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশ হবে। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য রাখবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৩২০ ঘ.
bdnews24