মাদারীপুর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে মাদারীপুর সদর উপজেলায় স্বামীর হাতে এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকাল ৫টার দিকে মস্তফাপুর ইউনিয়নের পূর্ব খৈয়ারভাঙ্গা গ্রামে নিহত হন সূর্যবিবি (৩৫)। ঘটনার পর তার স্বামী লিটন ব্যাপারী লিটু (৪০) পলাতক রয়েছে।
নিহতের ভাবী সাফিয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিটন প্রায়ই নেশা করে বাড়িতে এসে স্ত্রীকে মারধর করতো।
"শনিবার বিকালেও বাড়ি এসে ঝগড়ার এক পর্যায়ে বটি দিয়ে সূর্যকে জবাই করে," বলেন তিনি।
সূর্যবিবির ছেলে আরিফ বেপারী জানান, বিকালে তার মামা মনির তালুকদারের সঙ্গে জমিতে ধান কাটতে গিয়ে খবর পান মাকে তার বাবা জবাই করেছে।
মাদারীপুর থানার ওসি মো. কাইয়ুম আলী সরদার জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় লিটুকে আসামি করে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫৬ ঘ.
bdnews24