পাবনা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলা উপজেলায় র্যাবের 'ক্রসফায়ারে' এক ব্যক্তি নিহত হয়েছে। সে চরমপন্থী বলে র্যাব জানিয়েছে।
শুক্রবার ভোররাতে উপজেলার গয়েশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম জিয়ারুল ইসলাম ওরফে বোম জিয়া (৩২)। র্যাব জানায়, সে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের উপ-অধিনায়ক (এসএসপি) আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইউপি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে জনযুদ্ধের ১৭/১৮ জন্য ক্যাডার ওই এলাকায় সশস্ত্র মহড়া দিচ্ছিল।
র্যাবের একটি টহল দল সেখানে গেলে ওই ক্যাডাররা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলিবর্ষণ করে। প্রায় আধাঘণ্টা ধরে বন্দুকযুদ্ধে অর্ধশত রাউন্ড গুলি বিনিময় ঘটে। এ সময় ঘটনাস্থলেই জিয়া নিহত হয়।
আখতার হোসেন জানান, জিয়ার বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় ২টি হত্যাসহ ৪টি মামলা রয়েছে।
র্যাব ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৪৪৯ ঘ.
bdnews24