২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নেই'- এর সঙ্গে সিএমপি

ভাড়া করা ভবন ও অন্যের জমিতে চলছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বেশিরভাগ থানা, ফাঁড়ি, বক্স, তদন্ত কেন্দ্রের কার্যক্রম। জানাচ্ছেন মিঠুন চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 03:49 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

মিঠুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাস জমিতে করা হয়েছিলো চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদরদপ্তর। ৩২ বছরেও সেই জমির স্থায়ী বরাদ্দ হয়নি। শুধু তাই নয়, ভাড়া করা ভবন এবং অন্যের জমিতে চলছে সিএমপির বেশিরভাগ থানা, ফাঁড়ি, বক্স, তদন্ত কেন্দ্রের কার্যক্রম। নিজেদের জমি বা ভবন না থাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশি কার্যক্রম ব্যাহত হচ্ছে- এমনটি মনে করেন সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম মহানগরীর ১২টি থানার মধ্যে বাকলিয়া, খুলশী, বায়েজীদ, হালিশহর ও কর্ণফুলী থানার কোনো নিজস্ব ভবন নেই। এসব থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে ভাড়া করা ভবন ও ফাঁড়ির জন্য নির্ধারিত স্থানে। এর মধ্যে বাকলিয়া ও হালিশহর থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে ভাড়া করা ভবনে। চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ ভবনে চলছে কর্ণফুলী থানার কাজ। খুলশী ও বায়েজীদ থানার কাজ চলছে পুলিশ ফাঁড়ির জন্য নির্ধারিত ভবনে। এছাড়া সদরঘাট এলাকায় অবস্থিত 'সদরঘাট পুলিশ ফাঁড়ির জমিতে একটি তিনতলা ভবনে চলছে সিএমপির যানবাহন (ট্রাফিক) বিভাগের কার্যক্রম। পশেই একটি আধাপাকা টিনশেড ঘরে স্থাপন করা হয়েছে ফাঁড়ি। এ বিষয়ে সিএমপি কমিশনার আবুল কাশেম বলেন, "জমির অভাবে সিএমপির উপ-কমিশনারদের আলাদা কোনো কার্যালয়ের ব্যবস্থা করা সম্ভব হয়নি। তাই উপ-কমিশনার (ট্রাফিক) সদরঘাট ফাঁড়ি ভবনেই অফিস করছেন।" ২০ ফাঁড়ির নেই নিজস্ব ভবন সিএমপি'র অধীনে ৩১ টি পুলিশ ফাঁড়ির মধ্যে ২০টিরই কোন স্থায়ী ঠিকানা নেই। প্রাথমিক বিদ্যালয়, জেলা প্রশাসন, রেলওয়ে,বন্দর, সিইউএফএল- এর জমিতে অস্থায়ী ভবনে চলছে এসব ফাঁড়ির কাজ। সাধারণত থানার আকার, জনবসতি ও অপরাধ প্রবণতার উপর ভিত্তি করে পুলিশি কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য ফাঁড়ি স্থাপন করা হয়। তবে থানার সঙ্গে সংযুক্ত থাকায় ফাঁড়ি স্থাপনের কোনো ফলই পাওয়া যাচ্ছে না। ২০টি ফাঁড়ির মধ্যে সাতটি ফাঁড়ি স্থাপন করা হয়েছে বন্দর র্র্কতৃপক্ষের জমিতে। এছাড়া রেলওয়ের জমিতে চারটি, জেলা প্রশাসনের জমিতে দুটি ও সিইউএফএলের জমিতে একটি ফাঁড়ির কাজ চলছে। কোনো সরকারি সংস্থার জমি না পাওয়ায় 'কাট্টলী পুলিশ ফাঁড়ি' স্থাপন করা হয়েছে এলাকার 'পিয়ারি মোহনসেন প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি কক্ষে। দেওয়ানহাট ফাঁড়ি চলছে স্থানীয় অজমিরী স্কুলের জমিতে। পাশাপাশি নগরীর ছয়টি পুলিশ বক্সের পাঁচটিই চলছে সড়ক ও জনপথ বিভাগ, রেলওয়ে ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জমিতে। এর বাইরে সিএমপির একটি স্থল ও পাঁচটি নৌ-তদন্ত কেন্দ্রের কোনটিরই নিজস্ব কোনো জমি নেই বলে জানা গেছে। সিএমপি কমিশনার আবুল কাশেম বলেন, "স্থায়ী ঠিকানা না থাকায় এগুলো থানার সাথে সংযুক্ত আছে। এতে ফাঁড়ি কোনো কাজেই আসছে না।" চান্দগাঁও থানার হামিদচরের উদাহরণ দিয়ে কমিশনার বলেন, "এলাকাটি অত্যন্ত দুর্গম। এর সাড়ে তিন কিলোমিটারের মধ্যে কোনো পাকা সড়ক নেই। এখানে একটি ফাঁড়ি থাকলে অপরাধ নিয়ন্ত্রণ বা অপরাধ সংগঠনের পর ব্যবস্থা নেওয়া সহজ হতো।" সদরদপ্তর প্রসঙ্গে তিনি বলেন, "১৯৭৮ সালে নগরীর লালদীঘির পাড়ে সরকারি খাস জমিতে এই সদরদপ্তর স্থাপন করা হয়। ৩২ বছরেও এ জমি স্থায়ীভাবে সিএমপিকে বরাদ্দ দেওয়া হয়নি।" সিএমপির উপ-কমিশনার (সদর) ময়নুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খাস খতিয়ানভুক্ত প্রায় দেড় একর জমিতে সিএমপির সদর দপ্তরের কার্যক্রম চলছে। পুলিশ বিভাগের অনুকূলে জমির স্থায়ী বরাদ্দ পেতে পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে ২০০৬ সালের ১০ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দেওয়া হয়।" আবুল কাশেম জানান, জমি বরাদ্দ পেতে চলতি বছরের ২১ মার্চ চট্টগ্রাম জেলা প্রশাসন বরাবর আবারো চিঠি দিয়েছে সিএমপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/কেএমএস/২১৪৭ ঘ.