২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ১৮৭ ইউপিতে নির্বাচন ৪ জুন থেকে

চট্টগ্রামের ১৪ উপজেলার একশ ৮৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ৪ জুন থেকে ৫ জুলাই অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ১৪ উপজেলার একশ ৮৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ৪ জুন থেকে ৫ জুলাই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভা শেষে এ তারিখ ঘোষণা করা হয। জেলা প্রশাসক মো. ফয়েজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার জেড এম মোরশেদ, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ও উপজেলা নির্বাচনী কর্মকর্তা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগীয় নির্বাচন কমিশনার এজহারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে আলোচনা শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। "৪ জুন সন্দ্বীপের ১৪টি ইউনিয়নে নির্বাচন শুরু এবং ৫ জুলাই আনোয়ারা ও বাঁশখালীতে নির্বাচনের মধ্য দিয়ে মাসব্যাপী ইউপি নির্বাচন শেষ হবে।" তিনি জানান, ইতিমধ্যে ৮২ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে ৭ মে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সমপর্যায়ের সরকারি কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সভা শেষে জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, ইউএনও, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বসে নির্বাচনে আইন-শৃংখলা রক্ষার নিরাপত্তার দিক নির্ধারণ করবেন। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে সন্দ্বীপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে এবং ভোটগ্রহণ ৪ জুন। মিরসরাই ও সীতাকুন্ডে নির্বাচন ৭ জুন এবং মনোনয়ন দাখিলের শেষ সময় ১২ মে। ১১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে ফটিকছড়ি উপজেলায় এবং মনোনয়ন জমা দিতে হবে ১৬ মে'র মধ্যে। হাটহাজারী উপজেলায় ১৯ মে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, নির্বাচন ১৪ জুন। পার্শ্ববর্তী রাউজান উপজেলায় নির্বাচন ১৮ জুন এবং মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। রাঙ্গুনিয়ায় ২৫ মে মনোনয়ন জমার শেষ সময় এবং নির্বাচন ২১ জুন। দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী ও চন্দনাইশ উপজেলায় নির্বাচন হবে ২৫ জুন, মনোনয়ন জমা দিতে হবে ৩০ মে'র মধ্যে। পটিয়ায় নির্বাচন ২৮ জুন, মনোনয়ন জমার শেষ দিন ২ জুন। এছাড়া সাতকানিয়া ও লোহাগাড়ায় মনোনয়ন জমার শেষ সময় ৬ জুন এবং ভোট ২ জুলাই। সর্বশেষ আনোয়ারা ও বাঁশখালীতে মনোনয়ন দাখিল ৯ জুন এবং ভোটগ্রহণ ৫ জুলাই। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি উপজেলায় মনোনয়ন জমা দেওয়ার পর প্রত্যাহারের জন্য ১০ দিন সময় দেওয়া হবে। প্রসঙ্গত, ফটিকছড়ি, সন্দ্বীপ ও লোহাগড়ায় প্রতিটিতে তিনটি করে মোট নয়টি এবং মিরসরাইয়ে একটি ইউনিয়ন পরিষদে সীমানা ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন। এবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৫টি, সীতাকুন্ডের ৯টি, রাঙ্গুনিয়ার ১৫টি, সন্দ্বীপের ১৪টি, ফটিকছড়ির ১৭টি, রাউজানের ১৪টি, হাটহাজারী ১৫টি, বোয়ালখালীর ১০টি, আনোয়ারার ১১টি, পটিয়ার ২২টি, চন্দনাইশের ৯টি, লোহাগড়ায় ৬টি, সাতকানিয়ায় ১৭টি এবং বাঁশখালীতে ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমসি/পিডি/২১১৩ ঘ.