ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড স্বচ্ছভাবে পরিচালনায় কেন্দ্রীয়ভাবে একটি তথ্যব্যাংক তৈরি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, "দেশের ছয় কোটি মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে। সরকারের সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন প্রোগ্রাম স্বচ্ছতার সঙ্গে পরিচালনার জন্য একটি তথ্যব্যাংক তৈরি করা হবে।"
ন্যায্যমূল্যের (ফেয়ার প্রাইজ) কার্ডের মাধ্যমে ৬৭ লাখ পরিবারকে খাদ্যশস্য দেওয়া হচ্ছে- এ তথ্য জানিয়ে তিনি বলেন, মোট বাজেটের দুই দশমিক দুই শতাংশ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করা হচ্ছে। ধীরে ধীরে এ খাতে অর্থ আরো বাড়ানো হবে।
কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে দায়িত্বরত মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের জন্য 'ন্যাশনাল কোঅর্ডিনেটর কমিটি' গঠন করতে হবে।
দুর্নীতি এবং স্বচ্ছতা সহ-অবস্থান করে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন প্রকল্প থেকে যারা সহায়তা পাবেন তাদের তালিকা স্থানীয় স্কুল, ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং বাজারে টাঙিয়ে দিতে হবে। কারণ স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে দুর্নীতি কমে যাবে।
কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি প্রসঙ্গে খালেদ বলেন, "খাবারের বদলে টাকা দিলে দুর্নীতি কমে যাবে।"
টার্গেট গ্র"পের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিলে ১০ টাকার বিনিময়ে কৃষকদের আরো ব্যাংক একাউন্ট খুলে দেওয়া হবে।
বেসরকারি সংস্থা সমুন্নয় 'সামাজিক নিরাপত্তা ও এবারের বাজেট: প্রজন্মের ভাবনা' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় অন্যদের মধ্যে সাবেক ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য মো. আলী আশরাফ, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা নাঈম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একে এনামুল হক ও গবেষক মাহফুজ কবীর বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৭৩৭ ঘ.
bdnews24