২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নালিতাবাড়িতে কর্মকর্তা-ব্যবসায়ী পাল্টাপাল্টি মামলা

শেরপুরের নালিতাবাড়ি উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা এবং স্থানীয় একজন ব্যবসায়ী একে অপরকে আসামি করে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 11:24 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

শেরপুর, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নালিতাবাড়ি উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা এবং স্থানীয় একজন ব্যবসায়ী একে অপরকে আসামি করে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শাহীনুর আলমের বিরুদ্ধে বৃহস্পতিবার নালিতাবাড়ি থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন স্থানীয় ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম। অপরদিকে, সরকারি কাজে বাধা প্রদান ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ এনে সহকারী কমিশনার শাহীনুর আলম বাদী হয়ে ব্যবসায়ী আমিনুল ইসলামের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছেন নালিতাবাড়ী থানায়। নালিতাবাড়ী থানার ওসি মো. আব্দুল গণি মামলা দু'টি দায়েরের কথা স্বীকার করে বলেছেন, আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সহকারী কমিশনার শাহীনুর আলম কয়েকদিন আগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দাড়িপাল্লায় কাঠের ডাণ্ডা ব্যবহার করার অপরাধে নালিতাবাড়ী বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করেন। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠে। এর রেশ কাটতে না কাটতেই গত বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় আমিনুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে দাড়িপাল্লায় কাঠের ডাণ্ডা ব্যবহার করতে দেখে সহকারী কমিশনার শাহীনুর আলম তাকে দাড়িপাল্লাসহ গাড়িতে তুলে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রশ্নপত্র বিতরণ শেষে উপজেলা সদরে ফেরার পথে গড়কান্দা এলাকায় ক্ষুব্ধ কাঁচামাল ব্যবসায়ীরা গাড়ির গতিরোধ করে। তারা গাড়িতে হামলা চালিয়ে সামনের কাঁচ ভেঙ্গে ফেলে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় অন্য ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নিরাপদে উপজেলা সদরে পাঠিয়ে দেয়। এদিকে উত্তেজিত কাঁচামাল ব্যবসায়ীরা ৮ ঘণ্টার মধ্যে সহকারী কমিশনারকে বদলি করার দাবিতে বিক্ষোভ এবং উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান লেবু ব্যবসায়ীদের শান্ত করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দেন। এদিকে বিষয়টি নিয়ে দুদিন ধরে ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ী আমিনুল ইসলাম এবং সহকারী কমিশনার শাহীনুর আলম পরস্পরকে আসামি করে নালিতাবাড়ী থানায় পৃথক মামলা দায়ের করেন। এ ব্যাপারে শেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আকবর আলী বলেন, নালিতাবাড়িতে উদ্ভুত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭১৫ ঘ.