২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে মারধর করে পান ছিনতাই

সিলেটের জকিগঞ্জে পুলিশকে মারধর করে আটক ভারতীয় পান ছিনিয়ে নিয়েছে চোরাকারবারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 06:20 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

সিলেট, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেটের জকিগঞ্জে পুলিশকে মারধর করে আটক ভারতীয় পান ছিনিয়ে নিয়েছে চোরাকারবারীরা। তাদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও এক সিএনজি অটোরিকশা চালক আহত হন বলে পুলিশ জানিয়েছে। বুধবার দুপুরে উপজেলার কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি লেগুনায় করে ভারতীয় পান ও পানের নিচে করে ফেনসিডিল আনা হচ্ছে সংবাদ পেয়ে দুপুরে আটগ্রাম এলাকায় পুলিশ অবস্থান নেয়। লেগুনাটি আটগ্রামে পৌঁছলে পুলিশ থামার নির্দেশ দেয়। কিন্তু গাড়িটি না থামিয়ে বেপরোয়া গতিতে চলে যাওয়ার সময় একটি মোটরসাইকেল ও একটি রিকশাকে চাপা দেয়। এতে আরো দুইজন আহত হন। পরে সিএনজি অটোরিকশা নিয়ে পুলিশ ধাওয়া করে এক ব্যক্তিসহ পানবাহী লেগুনাটিকে কালীগঞ্জ বাজারে আটক করে। এ সময় চোরাকারবারীদের সহযোগীরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে আটক ব্যক্তি ও পানবোঝাই গাড়ি ছিনিয়ে নেয়। হামলায় আহত হন এসআই মহাদেব, এসআই আবুল বাশার ও তাদের বহনকারী অটোরিকশা চালক জকিগঞ্জ পৌর শহরের আনন্দপুর গ্রামের খসরু আহমদ। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪১ ঘ.