ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত প্রায় চার হাজার বাংলাদেশি নিষিদ্ধ হরকাতুল জিহাদ বাংলাদেশকে (হুজিবি) আর্থিক সহায়তা দেয় বলে দাবি করেছেন দলটির প্রধান।
হুজিবির বর্তমান প্রধান শেখ ফরিদ আহমেদ ওরফে রশিদ মঙ্গলবার রাতে গ্রেপ্তার হওয়ার পর র্যাবের কাছে এ তথ্য দিয়েছেন বলে বুধবার সংবাদ সম্মেলনে জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল।
দুপুরে র্যাবের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। সম্মেলন শুরুর আগে শেখ ফরিদের কর্মকাণ্ড নিয়ে স্লাইড শো দেখানো হয়। এরপর শেখ ফরিদকে কড়া নিরাপত্তার মাধ্যমে হাজির করানো হলেও সংবাদ কর্মীদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি।
এম সোহায়েল জানান, ২৫ এপ্রিল হুজির নায়েবে আমির মাওলানা সাব্বিরকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ৪৮ ঘণ্টা টানা অভিযান চালানো হয়। এ অভিযানে শেখ ফরিদকে ঢাকা অদূরে টঙ্গি রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়।
"চট্রগ্রাম থেকে ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে আসার সময় ফরিদ টঙ্গি রেলস্টেশনে নেমে পড়েন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।"
শেখ ফরিদ ২১ অগাস্ট গ্রেনেড হামলা, উদীচী বোমা হামলা, রমনা বটমূল বোমা হামলা এবং কোটালিপাড়ায় বোমা পুঁতে রাখা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি বলে জানান সোহায়েল।
'আফগান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ'
ফরিদের উদ্ধৃতি দিয়ে সোহায়েল বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ জানিয়েছেন এখনো ২০ থেকে ২৫ হাজার বাংলাদেশি আফগান যুদ্ধে রয়েছে।"
"১৯৯৯ সালে আফগান প্রেসিডেন্ট বোরহান উদ্দিন রাব্বানির সঙ্গে দেখা করেন। হুজির কর্মকাণ্ড নিয়ে আলোচনা ছাড়াও বাংলাদেশে হুজিকে কিভাবে জোরালো করা যায় এটাই মূল আলোচনা ছিল। এছাড়া যুদ্ধের ময়দানে ওসামা-বিন-লাদেনের সঙ্গেও তার দেখা এবং কথা হয়।"
সোহায়েল বলেন, "তবে যুদ্ধের সার্বিক পরিস্থিতির কারণে তালেবান প্রধান মোল্লা ওমরের সঙ্গে তার দেখা হয়নি বলে র্যাবকে জানিয়েছেন শেখ ফরিদ।"
তিনি বলেন, "পাকিস্তান এবং আরাকানের হুজির নেতাদের সঙ্গে শেখ ফরিদের নিয়মিত যোগাযোগ হয়ে থাকে বলে জিজ্ঞাসাবাদে শেখ ফরিদ র্যাবকে জানিয়েছেন।
"২০০৪ সালে ২১ অগাস্ট গ্রেনেড হামলার পর মাওলানা সাব্বির, মাওলানা ইয়াহিয়া, মাওলানা নোমানসহ আরো কয়েকজনকে সঙ্গে ফরিদ আরাকান রাজ্যে চলে যান এবং কোর্ট বাজার এলাকায় ছোট পাহাড়ে সাত/আটদিন অবস্থান করেন। পরে সেখান থেকে কালো পাহাড়ে গিয়ে তিনদিন অবস্থান করেন। এরপর তারা দেশে ফিরে আসেন।"
এক বছরের মাথায় মহাসচিব ফরিদ
র্যাবের গণমাধ্যম শাখার কর্মকর্তা সোহায়েল বলেন, "১৯৯৭ সালে হুজির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ার এক বছরের মাথায় মহাসচিবের দায়িত্ব পান শেখ ফরিদ। ১৯৯৯ সালে উদীচী হামলার পর হুজির কর্মকাণ্ড নিয়ে বিতর্ক শুরু হলে তারা সংগঠনটির নাম পরিবর্তন করে 'ইসলামি দাওয়াত কাফেলা' করে।
"২০০২ সালে এই সংগঠনের মহাসচিবের দায়িত্ব পান ফরিদ। পরবর্তীতে ২০০৪ সালে নাম পরিবর্তন করে ইসলামী গণ আন্দোলন বাংলাদেশ নাম করা হয়। ২০০৬ সালে আবারো নাম পরিবর্তন করে বাংলাদেশ বাদ দিয়ে শুধু ইসলামী গণ আন্দোলন রাখা হয়। পরবর্তীতে আবারো নাম পরিবর্তন করে ইসলামি ডেমোক্রেটিক পার্টি রাখা হয়।"
তবে কোনোটিই শেষ পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি বলে জানান সোহায়েল।
কক্সবাজারে ফলের ব্যবসা শুরু করেন ফরিদ
সোহায়েল সংবাদ সম্মেলনে জানান, গত বছর প্রথম থেকে কক্সবাজার জেলার দূর্গম পাহাড়ী এলাকায় শেখ ফরিদ অবস্থান নেয়। সেখানে রশিদ নামে পরিচয় দিয়ে ফলের বাগান তৈরি করে নিজেকে ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করেন।
বুধবার তিনটি ইসলামি সংগঠনের মুক্তাঙ্গনে সমাবেশকে কেন্দ্র করে কোনো নাশকতা কর্মকাণ্ড চালাতে শেখ ফরিদ টঙ্গি দিয়ে ঢাকায় আসছিলেন কি না এমন প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা বলেন, বিষয়টি এড়িয়ে দেওয়া যায় না। তদন্ত করে দেখা হবে।
ফজলুল হক আমিনীর সঙ্গে তার যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখা হবে বলেও এক প্রশ্নের জবাবে জানান সোহায়েল।
তিনি বলেন, শেখ ফরিদের কাছ থেকে আরো বেশ কিছু তথ্য পাওয়া গেছে যা যাচাই-বাছাই করা হচ্ছে। তাছাড়া তাকে আদালতের মাধ্যমে হেফাজতে (রিমান্ড) এনে জঙ্গি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হবে।
সংবাদ সম্মেলনে র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৯৪২ ঘ.
bdnews24