২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লী বিদ্যুতের দাম বাড়ছে মে মাসেই

আগামী মে মাসেই গ্রাহক পর্যায়ে পল্লী বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 12:51 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মে মাসেই গ্রাহক পর্যায়ে পল্লী বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানী শেষে ইউসুফ হোসেন বলেন, "আরইবির (পল্লী বিদ্যুতায়ন বোর্ড) প্রস্তাব অনুযায়ী সব দিক বিবেচনা করে আগামী মে মাসের মধ্যে গ্রাহক পর্যায়ে পল্লী বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হবে। সেক্ষেত্রে ১ মে থেকেই তা কার্যকর হবে।" কত শতাংশ দাম বাড়ছে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, "আরইবি ১২ দশমিক ৯৭ শতাংশ দাম বাড়ানের প্রস্তাব করেছে। তাদের প্রস্তাব বিশ্লেষণ করে কমিশনের কর্মকর্তারা বলেছেন, ৭ দশমিক ৮৫ শতাংশ বাড়ানো যেতে পারে।" এখন সবকিছু বিবেচনা করে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। সর্বশেষ ২০০৯ সালের ডিসেম্বরে গ্রাহক পর্যােেয় পল্লী বিদ্যুতের দাম গড়ে ছয় দশমিক ৫৭ শতাংশ বাড়ানো হয়। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১২ দশমিক ৯৭ শতাংশ বাড়ানোর জন্য গত ৯ মার্চ বিইআরসির কাছে প্রস্তাব দেয় পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। পরে গত ৭ এপ্রিল বিইআরসির এক উম্মুক্ত সভায় দাম বাড়ানোর ব্যাপারে সংশ্লিষ্টদের মতামত নিতে গণশুনানীর দিন নির্ধারণ করা হয়। গণশুনানীতে আরইবির চেয়ারম্যান ভূঁইয়া শফিকুল ইসলাম বলেন, "গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়ানোয় বোর্ডের আওতাধীন সমিতিগুলোকে লোকসান দিতে হচ্ছে। তাই দাম বাড়াতে হচ্ছে। তা না হলে সমিতিগুলো আরো সংকটে পড়বে।" কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাবে) জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, "গ্রাহকদের পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ দিতে পারলে বিদ্যুতের দাম বাড়ানো যেতে পারে। তবে তা যেন যৌক্তিক পর্যায়ে থাকে।" অস্বচ্ছল সমিতিগুলোর জন্য সরকারের ভর্তুকি ও স্বচ্ছল সমিতির উদ্ধৃত অর্থ দিয়ে পল্লী বিদ্যুৎ উন্নয়ন তহবিল নামে একটি তহবিল গঠনের পরামর্শ দেন তিনি। আরইবির প্রস্তাবে বলা হয়, দীর্ঘদিন ধরে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়ানোয় চলতি অর্থবছরেই সমিতিগুলোকে ৪৮৫ কোটি টাকা লোকসান দিতে হবে। প্রস্তাব অনুযায়ী দাম বাড়ানো হলে ৭০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে ৫৫টি আর্থিক সংকট থেকে রেহাই পাবে। বর্তমানে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য সমিতিগুলো তাদের আবাসিক গ্রাহকদের কাছ থেকে ইউনিট প্রতি দুই টাকা ৬৪ পয়সা থেকে তিন টাকা তিন পয়সা নিচ্ছে। নতুন প্রস্তাবে এই দাম ১১ দশমিক ৭৪ শতাংশ বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা থেকে ৩ টাকা ৩৯ পয়সা করতে বলা হয়েছে। বর্তমানে ১০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল্য ২ টাকা ৮১ পয়সা থেকে ৩ টাকা ২৩ পয়সা। এই দাম ১৯ দশমিক ২২ শতাংশ বাড়িয়ে ৩ টাকা ৩৫ পয়সা থেকে ৩ টাকা ৮৫ পয়সা করার প্রস্তাব দিয়েছে আরইবি। এছাড়া ৩০১ থেকে ৫০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম এখন ৪ টাকা ২৮ পয়সা থেকে ৪ টাকা ৫৬ পয়সা। এটা ২০ শতাংশ বাড়িয়ে ৫ টাকা ১৪ পয়সা থেকে ৫ টাকা ৪৭ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। ৫০০ ইউনিটের বেশি ব্যবহারের ক্ষেত্রে বর্তমানে দাম ৫ টাকা ৬৪ পয়সা থেকে ৬ টাকা ৭২ পয়সা। তা ২০ শতাংশ বাড়িয়ে ৬ টাকা ৭৭ পয়সা থেকে ৮ টাকা ৬ পয়সা করার প্রস্তাব দিয়েছে আরইবি। একইভাবে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য বাণিজ্যিক গ্রাহকের জন্য ১০ শতাংশ, দাতব্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০ শতাংশ, সেচে ৯ দশমিক ৯৩ শতাংশ, সাধারণ শিল্পে ১২ শতাংশ, বৃহৎ শিল্পে ১২ শতাংশ এবং রাস্তার বাতির জন্য ২০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে আরইবি। এছাড়া সব শ্রেণীর গ্রাহকের ন্যূনতম বিল চার্জ বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে নূন্যতম বিল ৬৫ টাকার পরিবর্তে ১০৫, সাধারণ শিল্প গ্রাহকদের ক্ষেত্রে ৪৫ টাকার বদলে ৫০, বৃহৎ শিল্পে ৫৫ টাকার পরিবর্তে ৬০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া সার্ভিস ও ডিমান্ড চার্জও বাড়ানোর কথা বলা হয়েছে আরইবির প্রস্তাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৮৪৫ ঘ.