২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চিকিৎসকের অবহেলায় পঙ্গু'

'অবহেলায় পঙ্গু' রোগীর মামলায় রাজধানীর এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 04:54 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অবহেলায় পঙ্গু' রোগীর মামলায় রাজধানীর এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে আদালতে। সোমবার ঢাকার মহানগর হাকিম শামীমা পারভীনের আদালতে অভিযোগ গঠন করা হয় ডা. গোলাম মোস্তফার বিরুদ্ধে। গোলাম মোস্তফা পশ্চিম পান্থপথের আনোয়ারা ডায়াগনস্টিক'র একজন নিরীক্ষক। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গত বছরের ৫ অক্টোবর মামলাটি দায়ের করেন ধানমন্ডির ল্যাব এইড'র এক্সরে টেকনিশিয়ান মো. ইলিয়াছ হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় বাদী ইলিয়াছ হোসেন ও তার আইনজীবী মো. জাহিদুল হক ঢাকার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে এসে মামলার কাগজপত্র দেখান। তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ৯ মে মামলাটিতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২০ জানুয়ারি বাদী তার ডান হাতের উপরের অংশের বায়োপসি করানোর জন্য গোলাম মোস্তফার আনোয়ারা ডায়াগনস্টিকে যান। গোলাম মোস্তফার রিপোর্টে উল্লেখ করেন, বাদীর হাতের উপরের অংশের হাড়ে ক্যন্সার হয়েছে। এ রিপোর্টের পরিপ্রেক্ষিতে বাদীর ডান হাতের উপরের অংশের হাড় ৭ ইঞ্চি পরিমাণ কেটে ফেলে তারই ডান পায়ের নীচের অংশের চিকন হাড় কেটে হাতের ওই জায়গায় প্রতিস্থাপন করা হয়। কিন্তু পরে অন্য পরীক্ষাগারে বায়োপসি করে বোঝা যায়, তার হাড়ে আসলে ক্যান্সার ছিলই না। ডা. গোলাম মোস্তফার ভুল রিপোর্টের কারণে বাদী বর্তমানে পঙ্গু জীবনযাপন করছেন বলে মামলায় অভিযেগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/২২৪১ ঘ.