ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যমান আইন ও বিধি অনুসরণ করে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কাজ করতে বলেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান এবং দুই কমিশনার মো. বদিউজ্জামান ও মুহাম্মদ সাহাবুদ্দিন সৌজন্য সাক্ষাতের সময় তিনি একথা বলেন।
জিল্লুর রহমান বলেন, "দুদকের কার্যক্রম পরিচালনায় যাতে কেউ অহেতুক হয়রানির শিকার না হয় সে বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে।"
দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতিকে কমিশনের কার্যক্রম বিশেষ করে প্রস্তাবিত দুদক আইন সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার জন্য রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতি দুদকের কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/১৮৫২ ঘ.
bdnews24