ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় উপ কমিটির কাছে আগামী ৫ জুন পূর্ণাঙ্গ বক্তব্য তুলে ধরতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকে দ্বিতীয় দফায় তলবি চিঠি পাঠানো হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিব নাঈমুল আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, দুইজনকে পৌঁছে দেওয়ার জন্য মঙ্গলবার সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধানের চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে ও সেনা প্রধানের চিঠি সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের ব্যক্তিগত ই-মেইলেও তা পাঠানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও সেনা সদস্যদের ২০০৭ সালের সংঘর্ষের বিষয়ে বক্তব্য নিয়ে গত ১৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত একটি সংসদীয় উপকমিটির বৈঠকে ফখরুদ্দীন ও মইনের হাজির হতে বলা হয়।
তবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত দুজনই হাজির হতে অপরাগ জানিয়ে চিঠি পাঠায়। এতে তারা তৎকালীন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন দেখার পরামর্শ দেন।
এ দুজন ছাড়াও তৎকালীন ডিজিএফআই'র সাবেক মহাপরিচালক, র্যাব-৫ এর প্রধান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৫ জনকে কমিটিতে বক্তব্য দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানান আজম।
দ্বিতীয় তলবি চিঠিতে যা বলা হয়েছে
নাঈমুল আজম খান জানান, পৃথক দুটি চিঠিতে বলা হয়েছে, আপনি চিঠির মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তা আংশিক। এতে পরিপূর্ণ কোনো বক্তব্য ছিলো না। তদন্ত কমিশনের প্রতিবেদনও যথার্থ নয়। ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্যাতন ও মামলার বিষয়ে কোনো বক্তব্য নেই। এ বিষয়ে পূর্ণাঙ্গ বক্তব্য তুলে ধরতে ৫ জুন উপ কমিটির বৈঠকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
এর আগে ১৮ এপ্রিল কমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন বলেছিলেন, আমরা ঘটনার পরিপ্রেক্ষিতসহ সব কিছু তাদের মুখ থেকে শুনতে চাই। এজন্য তাদের আবার তলবের সিদ্ধান্ত নিয়েছি।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ এর অগাস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে সেনা সদস্য ও ছাত্রদের সংঘর্ষের পর সারাদেশে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষকসহ অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। শত শত শিক্ষার্থী সেদিন সেনা সদস্যের নির্যাতনের শিকার হয়েছিলেন। পাশাপাশি অনেককে করা হয় গ্রেপ্তার।
সংঘর্ষের ঘটনা তদন্তে গত বছরের অগাস্ট মাসে এ উপ-কমিটি গঠন করা হয়।
১২ ছাত্রনেতাকে চিঠি
সংঘর্ষের সময় আহত ছাত্রনেতাদের বক্তব্য আগামী ১৯ মে শুনবে সংসদীয় উপকমিটি। উপ কমিটির বৈঠকে বক্তব্য জানাতে নির্যাতিত ১২ ছাত্রনেতাকেও চিঠি পাঠানো হয়েছে বলে জানান আজম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৭৩০ ঘ.
bdnews24