শরীয়তপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শরীয়তপুরে একটি বাজারে আগুনে আটটি গুদাম ও কল পুড়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ছয় জন।
মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার গঙ্গানগর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। রাত ৩টার দিকে আগুন লাগার পর তিন ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয় বলে দমকল বাহিনী জানিয়েছে।
আগুনে সার ও সরিষার গুদাম, চাল ও তেলের কলের পাশাপাশি একটি আইসক্রিম কারখানাও পুড়েছে।
গঙ্গানগর বাজারের ব্যবসায়ী আবু বক্কর মুন্সী ও শফিকুর রহমান জানান, রাত ৩টার দিকে বাজারের মুন্সী চালের মিলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে তা আশপাশের কল ও গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নিভাতে গিয়ে ৬ জন আহত হয়।
গঙ্গানগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাতেন শেখ অভিযোগ করেন, খবর দেওয়ার প্রায় ২ ঘণ্টা পর দমকল বাহিনী আসে।
"যথাসময়ে ফায়ার সার্ভিস আসলে আমাদের এতো ক্ষতি হতো না", বলেন তিনি।
তবে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রবিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আগুন লাগার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যাই।"
আইসক্রিম ফ্যাক্টরির মালিক মহিউদ্দিন আকন জানান, আগুন লাগার পর মসজিদের মাইক দিয়ে এলাকাবাসীকে তা জানালে তারা ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভাতে গিয়ে আহত ছয় জনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪১০ ঘ.
bdnews24