নারায়ণগঞ্জ, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানায় সোমবার সকালে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শহরের উত্তর মাসদাইরের কেতাব নগরে 'ডিভাইন টেক্স লিমিটেড'র কারখানায় আগুন ধরে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আহসানুল কবির।
আহসানুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আড়াইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা মডেল থানার ওসি আইনুল হক জানান, সকালে কারখানা সংলগ্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারে বিস্ফোরিত হয়।
সঙ্গে সঙ্গে ডিভাইন টেক্স লিমিটেড'র নিটিং সেকশনে আগুন ধরে যায়। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান জানান, আগুনে বিপুল পরিমাণ নিটিং কাপড় ও সুতা, আটটি নিটিং মেশিন, তিনটি বড় জেনারেটর পুড়ে যায়।
এতে তাদের প্রায় ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১৪ ঘ.
bdnews24