ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদন্তে গঠিত কমিটি সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে সোমবার সকালে প্রতিবেদনটি জমা দেন কমিটির চেয়ারম্যান অধ্যাপক একে মনোওয়ার উদ্দিন আহমদ।
প্রতিবেদনে কী রয়েছে, সে বিষয়ে সাংবাদিকদের কিছু বলেননি তিনি।
এ বিষয়ে প্রশ্ন করা হলে মনোওয়ার বলেন, "আমাদের দায়িত্ব ছিলো রিপোর্ট দেওয়া, আমরা তা দিয়েছি। এটার মধ্যে কী আছে, তা সরকার বলবে। এটা এখন সরকারের সম্পত্তি।"
গত ১২ জানুয়ারি এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়ের্ছিলো।
"গ্রামীণ ব্যাংকের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে সরকার যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তাই ছিলো এর (তদন্তের) উদ্দেশ্য", বলেন মনোওয়ার।
ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসা একই কাঠামোতে আনার পক্ষেও নিজের অবস্থানের কথা প্রকাশ করেছেন তিনি।
গত বছরের নভেম্বরের শেষ দিকে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার হয়। এতে গ্রামীণ ব্যাংকের তহবিল গ্রামীণ কল্যাণ নামে সহযোগী একটি প্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ ওঠে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে।
ওই প্রামাণ্যচিত্রের ভিত্তিতে বাংলাদেশে প্রথম সংবাদ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। পরবর্তীতে বিষয়টি দেশ বিদেশের গণমাধ্যমসহ সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের একাধিক মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন। এরপরই গ্রামীণ ব্যাংকের সার্বিক কার্যক্রম তদন্তে সরকার এ কমিটি গঠন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন মনোওয়ার উদ্দিন আহমদকে চেয়ারম্যান করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, সাবেক ডেপুটি কম্পোট্রলার অ্যান্ড অডিটর জেনারেল সৈয়দা রোকিয়া দীন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) প্রাক্তন অধ্যাপক আর এম দেবনাথ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশীদ।
প্রতিবেদন পাওয়ার পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "উনাদের দেখার বিষয় ছিলো নরওয়ের ফান্ড, এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের কার্যক্রম, সুদের হার ও গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ।"
"তবে ফান্ডের বিষয়টির সুরাহা দুই দেশের সরকারের মধ্যে আগেই হয়েছে। আর গ্রামীণ ব্যাংকের সুদের হার ক্ষুদ্রঋণ সংক্রান্ত অন্য প্রতিষ্ঠানগুলোর চেয়ে তুলনামূলক ভালো", বলেন তিনি।
গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের এ তদন্তের মধ্যেই এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপরিচালক নোবেলজয়ী ইউনূসকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েও হারতে হয় তাকে। তবে অব্যাহতির আদেশের বৈধতা নিয়ে তার একটি আবেদন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে।
ইউনূসকে অব্যাহতি দেওয়ার বিষয়ে তার বয়সের কথাও বলে আসছিলেন অর্থমন্ত্রী। তবে সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা যেমন বিরোধী দল বিএনপি করেছে, তেমনি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সও এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।
এদিকে গ্রামীণ ব্যাংকের কর্মীরা দুদিন আগে এক সংবাদ সম্মেলনে বলেছে, ব্যবস্থাপনা পরিচালকের পদে না রাখা গেলে ইউনূসকে যেন চেয়ারম্যান পদে হলেও রাখা হয়।
ইউনূস নিজেও এক সময় চেয়ারম্যান পদে থাকার আগ্রহের কথা অর্থমন্ত্রীকে জানিয়েছিলেন বলে তার একটি চিঠিতে প্রকাশ পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৪২৬ ঘ.
bdnews24