২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ

যৌতুকের দাবিতে নাটোরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

নাটোর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে নাটোরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে সদর উপজেলার নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম সেলিনা বেগম (৩০)। সেলিনার ভাই কামাল হোসেন অভিযোগে বলেন, "প্রায় ১৫ বছর আগে নওদাপাড়া গ্রামের সোলায়মান হোসেনের সাথে সেলিনার বিয়ে হয়। বিয়ের সময় ২০ হাজার টাকা যৌতুক দেয়া হয়। কিন্তু বর পক্ষের দাবি অনুযায়ী আরো ৪০ হাজার টাকা বাকি ছিল। এ টাকার জন্য প্রায়ই সেলিনাকে নির্যাতন করা হতো।" কামাল বলেন, "শনিবার রাতে ভাইদের কাছ থেকে টাকা এনে দেয়ার জন্য সেলিনার ওপর চাপ সৃষ্টি করে সোলায়মান। কিন্তু সেলিনা তাতে রাজি না হওয়ায় সোলায়মান ও সতীন নাসিমা বেগম তাকে প্রহার করে। এতে সেলিনা গুরুতর জখম হয়।" কামাল হোসেন জানান, এ খবর পেয়ে তাদের আরেক ভাই মকবুল হোসেন ওই বাড়িতে যান এবং স্থানীয় চিকিৎসক দিয়ে সেলিনার চিকিৎসা করান। এ অবস্থায় রাত ১২টার দিকে সেলিনা মারা যায়। নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সেলিনার দেহে ৬টি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার স্বামী ও সতীন পলাতক রয়েছে।" লাশ ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নলডাঙ্গা থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৯৫৩ ঘ.