চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালি থানাধীন সদরঘাট এলাকা থেকে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে সদরঘাট এলাকার মেমন হাসপাতালের সামনে থেকে মোহাম্মদ কামালকে (৩০) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জে। বাবার নাম মমতাজ মিয়া।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) আব্দুল্লাহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট এলাকায় একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে কামালকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তিনটি দেশে তৈরি এলজি, চারটি কার্তুজ, তিনটি চাপাতি, তিনটি ধারালো চাকু এবং দুইটি প্লাস্টিকের খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসে থাকা আরো ছয়জন ডাকাত পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে কামাল পুলিশকে জানিয়েছে, এক স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণ ও টাকা লুট করার জন্য ওই এলাকায় অবস্থান নিয়েছিলো তারা।
এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৩৬ ঘ.
bdnews24