সিরাজগঞ্জ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল বাকি মির্জা হত্যাকাণ্ডের ৯ দিন অতিবাহিত হলেও পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি।
এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসকের সহকর্মী ও ছাত্র-ছাত্রীরা। তারা কর্মবিরতির নতুন কর্মসূচি দিয়েছে।
ডা. বাকি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিকিৎসকের সম্পর্কীয় বোন ওয়াসিমা ওরফে এশা ৪ দিনের রিমাণ্ডে থাকাকালে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি জানান, এ হত্যাকাণ্ডের সাথে এশা জড়িত নয়-এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে কারা জড়িত এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
ডা. আব্দুল বাকি মির্জা ১৫ এপ্রিল হাসপাতালে দায়িত্ব পালন করে রাতে সরকারি ডরমেটরিতে নিজ কক্ষে যান। পরদিন বিকেলে ওই কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবিতে সিরাজগঞ্জ বিএমএ ঘোষিত ৪ দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে রোববার দুপুর ১২টায় সদর হাসপাতাল প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে আবারো নতুন করে ৪ দিনের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন বিএমএ সিরাজগঞ্জ শাখার সভাপতি ডা. জহুরুল হক রাজা, সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, ডা. আব্দুস সামাদ আজাদ খোকন, ডা. কামরুজ্জামান, ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মনোয়ারুল ইসলাম, ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমতাজ মহল।
সমাবেশে সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, ঔষধ ব্যবসায়ী ও নার্সিং অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা অংশ নেয়।
বিএমএ সিরাজগঞ্জ শাখার সভাপতি ডা. জহরুল হক রাজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলার সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে আড়াই ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার সরকারি-বেসরকারি সকল হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে কর্মবিরতি পালিত হবে।
এদিকে চিকিৎসকদের নতুন কর্মসূচির ব্যাপারে সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাক্তাররা কার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন বিষয়টি বোধগম্য নয়। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। তাহলে কিসের জন্য, কার বিরুদ্ধে এ আন্দোলন?"
তিনি বলেন, "সরকারি চাকুরীজীবী হিসেবে সাধারণ মানুষকে জিম্মি করে চিকিৎসকরা এ আন্দোলন অব্যাহত রাখতে পারেন না।"
সিভিল সার্জনের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে বলে জানান ডিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭১০ ঘ.
bdnews24