চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছার পর প্রথমেই সদর উপজেলার আমনুরা ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের মেশিন স্থাপনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এরপর সকাল সোয়া ১১টায় একই এলাকায় আমানুরা রেল স্টেশনে রাজশাহী-আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ এবং আমনুরা-রহনপুর-রহনপুর বর্ডার রেলওয়ে পুনর্বাসন প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি।
দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাহেবের ঘাটে মহানন্দা দ্বিতীয় সেতুর ভিত্তিস্থাপন করেন প্রধানমন্ত্রী। এরপর চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচরে নবনির্মিত ষ্টেডিয়াম উদ্বোধন করেন তিনি।
দুপুর ২টা ৫ মিনিটে স্থানীয় ডাক বাংলোয় জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন প্রধানমন্ত্রী।
এরপর চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২০ ঘ.
bdnews24