নীলফামারী, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সদর উপজেলায় আগ্নিকাণ্ডে ৩৩টি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার সোনারায় ইউনিয়নের উলটপাড়া গ্রামে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শী ও ফায়ার ব্রিগেড কর্মীরা জানান।
ক্ষতিগ্রস্তরা জানান, এলাকার আলতাফ হোসেনের (৪৪) ঘরে প্রথমে আগুন লাগে। পরে তা আশেপাশের ৩৩টি ঘরে ছড়িয়ে পড়ে।
নীলফামারী ফায়ার ব্রিগেডের স্টেশন মাস্টার মোকাররম হোসেন জানান, নীলফামারী ও সৈয়দপুর দমকল বাহিনীর দুটি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নীলফামারীর জেলা প্রশাসক জিল্লুর রহমান শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২ হাজার টাকা ও ২০ কেজি করে চাল দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৩৫৭ ঘ.
bdnews24