চাঁদপুর, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের সদর উপজেলায় অটোরিকশা ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার ছৈয়াল বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ভিশন চন্দ্র দে (৪৫) পাটির ব্যবসা করতেন। উপজেলার আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা গ্রামের পাইকাল বাড়িতে থাকতেন তিনি।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের ছৈয়াল বাড়ি রাস্তার মোড় অতিক্রমের সময় যাত্রীবাহী অটোরিকশা ও মালবাহী টেম্পোটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ভিশন মারা যান।
এ সময় আরো ৩ জন আহত হন।
নিহতের চাচাতো ভাই রবীন্দ্র চন্দ্র দে (২২) সাংবাদিকদের জানান, মেয়ের বিয়ের অনুষ্ঠানের বাজার করতে মতলবে যাচ্ছিলেন ভিশন।
দুর্ঘটনার পর টেম্পো চালক পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24