ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্টে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের বিস্ফোরক মামলার অধিকতর তদন্তে আরো ২৫ দিন সময় পেয়েছে সিআইডি। আগামী ১৫ মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছে আদালত।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার আব্দুল কাহহার আকন্দের আবেদনে ঢাকা মহানগর জজ জহুরুল হক বুধবার এ সময় বাড়িয়ে দেন।
সময় বাড়ানোর আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা সংস্থার দুই সাবেক প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরী ও আবদুর রহিমকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের দেওয়া তথ্য যাচাইয়ে আরো সময় প্রয়োজন।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় অন্তত ২৩ জন নিহত হয়। নিহতদের মধ্যে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আইভি রহমানও রয়েছেন।
ওই ঘটনার পর একটি মামলা হলে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সিআইডি হত্যার ঘটনায় একটি এবং বিস্ফোরক আইনে আরেকটি অভিযোগপত্র দেয়।
পরে মামলার আসামি বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দেওয়া হয়।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/আরএ/এমআই/১৩২৮ ঘ.
bdnews24