কক্সবাজার, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চার পৌরসভায় নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের শপথ পড়ানোর জন্য চিঠি দিয়েছে মন্ত্রণালয়।
মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ নির্দেশনা পাঠিয়েছে।
চিঠিতে কক্সবাজার, চকরিয়া, মহেশখালী ও টেকনাফ পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে দেওয়া নির্দেশনার অনুলিপি নির্বাচন কমিশনের সচিব ও কক্সবাজারের জেলা প্রশাসককেও দেওয়া হয়েছে।
এ বছরের ২৭ জানুয়ারি কক্সবাজার, চকরিয়া, মহেশখালী ও টেকনাফ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
উচ্চ আদালতে বিচারাধীন কয়েকটি রিট আবেদনের ব্যাপারে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা পাওয়ার পর এলজিআরডি মন্ত্রণালয় শপথ পড়ানোর এ চিঠি দেয়।
স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. হারুন অর-রশিদ স্বাক্ষরিত এই পত্রে জানানো হয়, গত ২ ফেব্র"য়ারি এই চার পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের সরকারি গেজেট প্রকাশ হয়।
নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ পড়ানোর ব্যাপারে সুপ্রিম কোর্টের কোনো বিভাগ বা অন্য কোনো আদালতের নিষেধাজ্ঞা না থাকায় আইনগত প্রতিবন্ধকতা নেই বলে মতামত দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদ জানান, নির্দেশনার ফ্যাক্স কপি পাওয়া গেছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার শপথ পড়াবেন। তার দপ্তর থেকে সময় নির্ধারণ হলেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।
চার পৌরসভা মেয়ররা হলেন- কক্সবাজারে জামায়াত সমর্থিত সরওয়ার কামাল, মহেশখালীতে আওয়ামী লীগের বিদ্রোহী মকছুদ মিয়া, টেকনাফে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ ইসলাম এবং চকরিয়ায় বিএনপি সমর্থিত নুরুল ইসলাম হায়দার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৪ ঘ.
bdnews24