ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া সীমান্ত অতিক্রম করে ৮৫০ জন বাংলাদেশি মিশরের আল সালৌম পয়েন্টে পৌঁছেছেন। তবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তহবিল সংকটের কারণে এই মুহূর্তে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারছে না।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আল সালৌম পয়েন্টে জড়ো হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য ফ্লাইটের ব্যবস্থা করতে আইওএমকে অনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিলো। তবে আইওএম কর্মকর্তারা জানিয়েছেন, তহবিল সঙ্কটের কারণে এই মুহূর্তে ফ্লাইটের ব্যবস্থা করা তাদের পক্ষে সম্ভব নয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা মিশর দূতাবাসের কর্মীদের সঙ্গে আল সালৌম সীমান্তে কাজ করছেন। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। লিবিয়া ফেরত যেসব বাংলাদেশি পাসপোর্ট আনতে পারেননি, তাদের জন্য একমুখী ট্র্যাভেল পারমিট ইস্যু করা হচ্ছে।
এদিকে তিউনিসিয়ার রাস দির সীমান্তে আরো ২২২ জন বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। সর্বশেষ সোমবার ১৯ জন বাংলাদেশি লিবিয়া থেকে তিউনিসিয়ায় পৌঁছান।
গত ফেব্র"য়ারিতে লিবিয়ায় রাজনৈতিক সংকট ও সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৩৫ হাজার ২১১ জন বাংলাদেশিকে সেখান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমইউএস/জেকে/২০৩৮ ঘ.
bdnews24