পঞ্চগড়, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী মরিয়ম বেগম (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিহতের পরিবার ও পৌর কর্তৃপক্ষ জানিয়েছে।
নিহতের ছেলে আল-আমিন (২০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে মরিয়ম অসুস্থ স্থানীয় সংসদ সদস্য মজাহারুল হক প্রধানকে দেখে আওয়ামী লীগ নেতা এটিএম সারোয়ারের মটরসাইকেলে জগদল থেকে পঞ্চগড় ফিরছিলেন।
পথে হ্যালিপোর্ট এলাকায় হঠাৎ করে মোটরসাইকেল থেকে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
তাকে প্রথমে পঞ্চগড় সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান বলে জানান আল-আমিন।
কাউন্সিলর মরিয়ম বেগমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পৌর মেয়র তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মরিয়ম দুই বারের নির্বাচিত কাউন্সিলর। তিনি এলাকায় জনপ্রিয় ছিলেন।"
মরিয়ম পৌরসভার ধাক্কামারা মহল্লায় বাস করতেন। তাঁর নয় সন্তান রয়েছে। পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস
bdnews24