২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দম্পতির আত্মহত্যা

বাগেরহাটের মংলা উপজেলায় এক দম্পতি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 09:29 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

বাগেরহাট, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা উপজেলায় এক দম্পতি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এরা হলেন সুরঞ্জিত মিস্ত্রী (৩২) ও তার দ্বিতীয় স্ত্রী নুপুর বিশ্বাস (২৫)। সোমবার রাতে উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে বাড়ির গাছের ডালে তারা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে তাদের পরিবার ও পুলিশ জানিয়েছে। সুরঞ্জিতের প্রথম স্ত্রী বিনা (২৫) ও অন্তু নামে ছয় বছর বয়সী এক ছেলে রয়েছে। বিনার ভাই দ্বিজেন ঘরামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০২ সালে পারিবারিকভাবে তার বোনের সঙ্গে সুরঞ্জিত মিস্ত্রীর বিয়ে হয়। তাদের ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি বলেন, "গত বছর সুরঞ্জিত পাশের বাড়ির নুপুর নামের একটি মেয়েকে বিয়ে করে এলাকা ছেড়ে চলে যায়। এরপর থেকে বিনা ছেলেকে নিয়ে তার বাপের বাড়িতে থাকতে শুরু করে।" চিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুদর্শন মিস্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের পর থেকে তারা এলাকার বাইরে ছিলো। এই দম্পতি গ্রামের বাড়িতে কবে এসেছে তা জানা যায়নি। মংলা থানার ওসি নিখিল মন্ডল জানান, লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মংলা থানায় মামলা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫২৫ ঘ.