চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দুর্ঘটনার পর এক ব্যবসায়ীকে পুলিশ মারধরের অভিযোগ ওঠার পর স্থানীয়দের অবরোধের কারণে লালখান বাজার এলাকায় সড়কে গাড়ি চলাচল আধা ঘণ্টা বন্ধ ছিলো।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে লালখান বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাজীর দেউরী এলাকার দিক থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার এস এ সারোয়ারের গাড়ি আসছিলো। আর টাইগারপাস এলাকা থেকে আসছিলো ওষুধ কোম্পানি ফারমিক ল্যাবরেটরিজ ইনস্টিটিউটের পরিচালক রুবাইয়াত ইস্পাহানির গাড়ি। মোড় ঘোরার সময় দুটি গাড়ির ধাক্কা লাগে।
এরপর রুবাইয়াতের সঙ্গে সিআইডি কর্মকর্তার কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে মারধরের শিকার হন বলে রুবাইয়াত জানান।
রুবাইয়াত সাংবাদিকদের বলেন, "আমার গাড়িকে ধাক্কা দিলে আমি ওই গাড়ির লোকদের বলি, ধাক্কা দিলেন কেন। তখন গাড়ি থেকে কামাল নামে একজন নেমে এসে বলে, এটা পুলিশের গাড়ি। আমি এর পাল্টায়- পুলিশের গাড়ি হলেই কী ধাক্কা দেওয়া যায় বললেই সিআইডি কর্মকর্তাও নেমে এসে আমাকে মারধর শুরু করে।"
লালখান বাজারে ইস্পাহানি গ্র"পের একটি ভবন রয়েছে। ওই পরিবারের সদস্যের ওপর পুলিশি হামলার খবর শুনে প্রতিষ্ঠানের কর্মী ও স্থানীয়রা রাস্তায় নেমে আসে। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১টার দিকে পুলিশ এসে তাদের হটিয়ে দিলে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
অন্য গাড়িটি সিআইডি কর্মকর্তা সারোয়ারের বলে কোতোয়ালি থানার পরিদর্শক নজরুল ইসলাম নিশ্চিত করেছেন। তবে ঘটনার পরপরই গাড়িটি চলে যায়।
এ বিষয়ে সিআইডি কর্মকর্তা সারোয়ারের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৪৩০ ঘ.
bdnews24