২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীকেও সেফহোমে জিজ্ঞাসাবাদ

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আটক রাখার নির্দেশ দিয়ে একাত্তরের যুদ্ধাপরাধের বিষয়ে তাকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 07:00 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আটক রাখার নির্দেশ দিয়ে একাত্তরের যুদ্ধাপরাধের বিষয়ে তাকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার আবেদনে ট্রাইব্যুনাল মঙ্গলবার এ আদেশ দেয়। পাশাপাশি সালাউদ্দিনের বিষয়ে তদন্তের অগ্রগতির প্রতিবেদন আগামী ১৯ জুন দাখিল করার নির্দেশ দিয়েছে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতাকেও এর আগে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। ট্রাইব্যুনালকে বরাদ্দ দেওয়া ধানমণ্ডির একটি বাড়ি জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করছে তদন্ত সংস্থা, এটাকেই বলা হচ্ছে 'সেফহোম'। মঙ্গলবার শুনানিতে সালাউদ্দিন সেফহোমে জিজ্ঞাসাবাদের বিষয়ে জোর আপত্তি জানালেও আদালত তাতে সাড়া দেয়নি। আদালত জিজ্ঞাসাবাদের জন্য সেফহোমে একটি বিশেষ কক্ষ নির্ধারণ করতে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেয় এবং চাপ প্রয়োগ না করে আইনানুযায়ী সালাউদ্দিন কাদেরকে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়। আদেশে বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় কেন্দ্রীয় কারাগারের হাসপাতাল থেকে একজন চিকিৎসককে এনে পাশের কক্ষে রাখতে হবে। বিরতির সময় চিকিৎসক সালাউদ্দিনের স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন। শুনানির শুরুতে প্রসিকিউটর জেয়াদ আল মালুম তদন্তের অগ্রগতি তুলে ধরে সাকা চৌধুরীকে ধানমণ্ডির সেফহোমে তিন দিন জিজ্ঞাসাবাদের আবেদন জানান। তিনি বলেন, ১৯৭১ সালের ১৩ এপ্রিল চট্টগ্রামের রাউজান, কুণ্ডেশ্বরী, ঊনসত্তর পাড়া, জগতমল্ল পাড়ায় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সালাউদ্দিন কাদেরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ওইসব তথ্য প্রমাণ ও সাক্ষীদের বক্তব্য যাচাই-বাছাই করতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি বলেন, "একাত্তর সালের অপরাধ ধামাচাপা দিতে তিনি (সাকা) গত চল্লিশ বছর ধরে নেটওয়ার্ক গঠন করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন।" জেয়াদ আল মালুম এরপর একটি প্রামাণ্য দলিল আদালতে তুলে ধরেন। আদালতের প্রশ্নের জবাবে মালুম বলেন, ৬০ দিনের মধ্যে সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্তের কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন তারা। মালুমের বক্তব্যের পর আদালত সাকা চৌধুরীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়। পাশাপাশি রাখা কয়েকটি চেয়ারে অধাশোয়া অবস্থায় সাকা চৌধুরী নিজেই নিজের পক্ষে শুনানি করবেন বলে জানান। সাকা চৌধুরী 'মি. চেয়ারম্যান' বলে বক্তব্য শুরু করলে আদালত তাকে 'ট্রাইব্যুনাল' সম্বোধন করতে বলেন। সাকা চৌধুরী গ্রেপ্তার ও পরবর্তী সময়ে তার ওপর নির্যাতনের অভিযোগ আনেন এবং পোশাক সরিয়ে নির্যাতনের চিহ্ন আদালতকে দেখান। এ পর্যায়ে আদালত তাকে জিজ্ঞাসাবাদের আবেদনের বিষয়ে বক্তব্য দিতে বললে সাকা চৌধুরী বলেন, "আপনারা আমাকে কোনো কাগজপত্র দেননি। আজ আমার বিরুদ্ধে যে আবেদন করা হয়েছে তার কাগজপত্রও দেওয়া হয়নি।" ট্রাইব্যুনাল বলে, "আপনাকে বারবার বলা হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়ার জন্য।" জবাবে সাকা চৌধুরী বলেন, "আমি নিজেই নিজের পক্ষে শুনানি করবো।" তিনি বলেন, "প্রসিকিউশন টিমে যারা রয়েছেন, তার গণআদালত থেকে এসেছেন। এক খাসি কয়বার কোরবানি দেবেন?" এ সময় তিনি উত্তেজিত হয়ে উচ্চস্বরে কথা বলতে শুরু করেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "অসুস্থ্য থাকলে এতো জোরে কথা বলেন কিভাবে? এটা চলতে দেওয়া যায় না।" এ সময় সাকা বলেন, "আপনিও গণআদালত থেকে এসেছেন।" এ সময় উত্তেজিত সাকা চৌধুরীকে কয়েকবার শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয় ট্রাইব্যুনাল। এক পর্যায়ে তাকে আদালত থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও গ্রেপ্তার দেখানো হয় তাকে। সালাউদ্দিন কাদেরকে এ নিয়ে তৃতীয় দিনের মতো ট্রাইব্যুনালে হাজির করা হলো। গত ১৬ ডিসেম্বর গ্রেপ্তারের পর ৩০ ডিসেম্বর তাকে প্রথম এবং ১৭ জানুয়ারি দ্বিতীয়বার ট্রাইব্যুনালে হাজির করা হয়। মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিনের বিরুদ্ধে একাত্তরে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৮১৬ ঘ.